বলিউডের জনপ্রিয় র‌্যাপার ও গায়ক Badshah-এর ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটেছে। পাঞ্জাবি অভিনেত্রী Isha Rikhi সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে বাদশাহর স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন।

ঘটনার সূত্রপাত একটি সাধারণ পোস্ট থেকে। সেখানে বাদশাহর সঙ্গে একটি ছবি শেয়ার করে ‘পতিদেব’ সম্বোধন ব্যবহার করেন ইশা। এরপর থেকেই ভক্তদের মধ্যে বিয়ের গুঞ্জন নতুন মাত্রা পায়।

১৯৯৩ সালে চণ্ডীগড়ে জন্ম নেওয়া ইশা রিখি মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন। পরে পাঞ্জাবি চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করেন। ‘জাট বয়েজ পুত জাট দে’, ‘হ্যাপি গো লাকি’, ‘আরদাস’ ও ‘হোয়াট দ্য জ্যাট!!’-এর মতো সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি।

পাঞ্জাবি ইন্ডাস্ট্রিতে সফলতার পর ২০১৮ সালে Nawabzaade সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রায় চার বছর ধরে সম্পর্কে ছিলেন বাদশাহ ও ইশা। একটি পার্টিতে পরিচয়ের পর তাদের বন্ধুত্ব প্রেমে রূপ নেয়। তবে পুরো সম্পর্কটিই তারা জনসমক্ষে আড়ালে রেখেছিলেন।

চলতি বছরের মার্চে ইশার মায়ের শেয়ার করা কিছু ছবি ও ভিডিওতে দুজনকে বিয়ের পোশাকে দেখা যাওয়ার পর গুঞ্জন আরও জোরালো হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রশ্নের উত্তরে নিজেকে বিবাহিত বলে জানান ইশা। একই সঙ্গে ‘স্বামী’ প্রসঙ্গ টেনে মন্তব্য করায় বিয়ের বিষয়টি প্রায় নিশ্চিত হয়ে যায়।

উল্লেখ্য, এটি বাদশাহর দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি জেসমিন ম্যাসিহর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ২০২০ সালে তাদের বিচ্ছেদ হয়। সেই সংসারে তাদের একটি কন্যাসন্তানও রয়েছে।

যদিও বাদশাহ এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো বক্তব্য দেননি, তবে ইশা রিখির মন্তব্যের পর তাদের সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের রহস্য অনেকটাই দূর হয়েছে।