ভারতীয় র্যাপার বাদশা ও অভিনেত্রী ঈশা রিখির দাম্পত্য জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিয়ের মাত্র চার মাসের মাথায় তাদের বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি ঈশা রিখির একটি ইনস্টাগ্রাম পোস্ট ভাইরাল হওয়ার পর থেকেই এ জল্পনা আরও জোরালো হয়েছে।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঈশা তার পোস্টে লিখেছেন যে দীর্ঘদিন তিনি নীরব ছিলেন, কারণ তিনি ভয় পেতেন এবং মনে করতেন নীরব থাকাই সবচেয়ে নিরাপদ পথ। একই সঙ্গে তিনি দাবি করেন, ‘প্রভাব, ক্ষমতা ও সামর্থ্য’ তাকে মানসিকভাবে চাপে রেখেছিল। তবে পোস্টে তিনি কোনো ব্যক্তির নাম উল্লেখ করেননি কিংবা নির্দিষ্ট কোনো ঘটনার বিস্তারিত বর্ণনা দেননি।
পোস্টে ঈশা আরও লেখেন, তার নীরবতাকে যেন কেউ সম্মতি হিসেবে না দেখে। তার ভাষায়, নীরবতা ছিল নিজেকে রক্ষা করার একটি উপায় মাত্র। তিনি জানান, এখনও পুরো ঘটনা প্রকাশ করার জন্য প্রস্তুত নন, তবে সবকিছু স্বাভাবিক আছে বলে দেখানোর ভানও আর করতে চান না।
এর আগে বাদশার সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছিলেন ঈশা। সেই ভিডিওতে তাদের বিয়ের কিছু দৃশ্যও ছিল। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘প্রতিটি ঝড় একটি শিক্ষা, প্রতিটি প্রার্থনা একটি আশা।’ ওই পোস্টের পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয় এবং ভক্তদের মধ্যে কৌতূহল বাড়তে থাকে।
চলতি বছরের মার্চের শেষ দিকে বিয়ে করেন বাদশা ও ঈশা রিখি। দীর্ঘদিন নিজেদের সম্পর্ক আড়ালে রাখার পর সামাজিক মাধ্যমে বিয়ের ভিডিও প্রকাশের মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসে। তবে ঈশার সাম্প্রতিক পোস্ট ঘিরে তৈরি হওয়া গুঞ্জন সম্পর্কে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি বাদশা। ফলে তাদের সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে জল্পনা-কল্পনা আরও বাড়ছে।