২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত মোহিত সুরির সিনেমা ‘আওয়ারাপান’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও সময়ের পরিক্রমায় এর গান ও গল্প তরুণ দর্শকদের কাছে কাল্ট ক্লাসিকে পরিণত হয়েছিল। সেই জনপ্রিয় ও আবেগকে পুঁজি করে নির্মিত হয়েছে সিনেমাটির সিক্যুয়েল ‘আওয়ারাপান ২’। শুক্রবার (১৪ আগস্ট) প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে নীতিন কক্কর পরিচালিত এই সিনেমাটি। 

বক্স অফিস বিশ্লেষক ওয়েবসাইট স্যাকনিল্ক ও হিন্দুস্তান টাইমসের তথ্য অনুযায়ী, অগ্রিম টিকিট বিক্রিতে অভাবনীয় সাড়া পাচ্ছে ‘আওয়ারাপান ২’। মুক্তির মাত্র ৪৮ ঘণ্টা আগে অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত ১ লাখ ৩০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। প্রথম দিনের জন্যই প্রায় ৪ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছে। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় দিনের অগ্রিম বুকিং ছাড়িয়েছে ৯ কোটি রুপি, যা ২০০৭ সালের মূল ‘আওয়ারাপান’ সিনেমার মোট আয়ের চেয়েও বেশি!

ধারণা করা হচ্ছে, সাধারণ টিকিট বিক্রি মিলিয়ে প্রথম দিনেই সিনেমাটির আয় স্পর্শ করতে পারে ২০ কোটি রুপি। যদি তা হয়, তবে এটি হবে অভিনেতা ইমরান হাশমির ক্যারিয়ারের সর্বোচ্চ ওপেনিং ডে কালেকশন এবং চলতি বছরের অন্যতম বড় ওপেনিং।

৪৫ কোটি রুপি বাজেটে নির্মিত এই সিনেমায় ইমরান হাশমির পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন দিশা পাটানি, শাবানা আজমি ও সুবিন্দর ভিকি। বক্স অফিসে সানি দেওল অভিনীত ‘বাটওয়ারা ১৯৪৭’ সিনেমার সাথে মুখোমুখি লড়াই হলেও অগ্রিম আয়ের দিক থেকে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে ‘আওয়ারাপান ২’