ঈদে মুক্তি পাওয়া পরিচালক সাইফ চন্দনের অ্যাকশন-থ্রিলার ধারার সিনেমা ‘মালিক’ দর্শক মহলে মন্দের ভালো সাড়া ফেলছে। বিশেষ করে দীর্ঘদিন পর রূপালী পর্দায় আরিফিন শুভ এবং বিদ্যা সিনহা মিমের অন-স্ক্রিন রসায়ন বেশ পছন্দ করছেন চলচ্চিত্রপ্রেমীরা। আর এবার সাধারণ দর্শকদের জন্য এই তারকা জুটির সঙ্গে বসেই সিনেমাটি উপভোগ করার এক দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে ‘মালিক’ টিম। সিনেমাটির সঙ্গে যুক্ত সংশ্লিষ্টরা ভাগ্যবান ১০ জন দর্শককে এই বিশেষ সুযোগটি করে দিচ্ছেন।
এই সুযোগটি লুফে নিতে দর্শকদের অংশ নিতে হবে ‘মালিক’ সিনেমার জনপ্রিয় আইটেম গান ‘গুলগুলি পিঠা’ নিয়ে শুরু হওয়া একটি নতুন ক্যাম্পেইনে। চ্যালেঞ্জটিতে অংশ নেওয়ার নিয়ম খুবই সহজ; গানটি ব্যবহার করে দর্শকদের টিকটক (TikTok) ভিডিও অথবা ফেসবুক রিলস (Facebook Reels) তৈরি করতে হবে। ভিডিওর কনটেন্টে নাচ, অভিনয় কিংবা যেকোনো ধরনের সৃজনশীল উপস্থাপনা থাকতে পারে। এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ৮ জুন, সন্ধ্যা ৬টা পর্যন্ত। জমাকৃত ভিডিওগুলোর কনটেন্টের মান এবং ভিউ সংখ্যা বিবেচনা করে সেরা ১০ জন ভাগ্যবান বিজয়ীকে নির্বাচন করা হবে। পরবর্তীতে এই বিজয়ীদের ‘মালিক’ সিনেমার একটি বিশেষ প্রদর্শনীতে (Special Screening) আমন্ত্রণ জানানো হবে, যেখানে তাঁরা আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিমসহ সিনেমার অন্যান্য কলাকুশলীদের সাথে বসে সিনেমাটি দেখার সুযোগ পাবেন।
শনিবার রাতে এই বিশেষ ক্যাম্পেইনের ঘোষণা দিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে চিত্রনায়িকা মিম ভক্তদের উদ্দেশ্যে লেখেন:
"ছবিটির প্রতি আপনাদের অসাধারণ ভালোবাসা আমাদের সত্যিই মুগ্ধ করেছে। সেই আনন্দকে আরো বিশেষ করে তুলতে এই ‘গুলগুলি পিঠা’ চ্যালেঞ্জ। আমি অপেক্ষায় থাকব আপনাদের দারুণ সব ভিডিও দেখার জন্য।"
সিনেমাটিতে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু, মিশা সওদাগর, মাহমুদুল ইসলাম মিঠু এবং আরফান মৃধা শিবলুসহ আরও অনেকে।