বিয়ের আগের রাত যে সময়টা অনেকের কাছে স্বপ্নময়, উত্তেজনায় ভরা। কিন্তু অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার ক্ষেত্রে সেই রাতটি ছিল দুশ্চিন্তা আর ভয় মেশানো এক অভিজ্ঞতা। সম্প্রতি একটি গণমাধ্যমে তিনি জানিয়েছেন, বিয়ের ঠিক আগের রাতেও তিনি সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় ছিলেন।
স্পর্শিয়ার ভাষ্য, “আমি খুব নার্ভাস হয়ে গিয়েছিলাম। একটা ঘোরের মধ্যে ছিলাম, খুব ভয় পাচ্ছিলাম। এমনকি আগের রাতে নাওঈদকে সরাসরি বলেছিলাম আমি বিয়েটা করতে চাই না।”
তবে পরিস্থিতি বদলে দেন তার হবু স্বামী নাওঈদ। স্পর্শিয়ার কথায়, নাওঈদ তাকে শান্তভাবে বোঝান যে বিয়ে করা বাধ্যতামূলক নয়। শুধু স্টেজে গিয়ে ছবি তুলবেন, আনন্দ করবেন এভাবেই বিষয়টি হালকা করে তোলেন তিনি। সেই স্মৃতি টেনে স্পর্শিয়া এখনো মজা করে বলেন, “তুমি আমাকে ম্যানিপুলেট করে বিয়ে করেছ।”
বিয়ের সময় পরিবারের ভূমিকাও ছিল গুরুত্বপূর্ণ। স্পর্শিয়া জানান, তার ভীতি বুঝতে পেরে পরিবারের সদস্যরা তাকে সাহস জুগিয়েছিলেন। তারা বলেছিলেন, ‘কবুল’ বলতে না চাইলে বলার প্রয়োজন নেই সবাই মিলে শুধু উৎসব পালন করা হবে। পরিবারের এই মানসিক সমর্থনই তাকে শেষ পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসার সাহস জুগিয়েছিল।
সব মিলিয়ে এখন সংসার জীবন নিয়ে বেশ সুখে আছেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, ২০১১ সালে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন স্পর্শিয়া। নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে দ্রুতই দর্শকপ্রিয়তা পান। শাকিব খান এর সঙ্গে নবাব এলএলবি, কাঠবিড়ালী ও আবার বসন্তসহ বেশ কিছু আলোচিত সিনেমায় অভিনয় করে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি।