ঢালিউডের জনপ্রিয় ও শীর্ষস্থানীয় অভিনেত্রী অপু বিশ্বাস। নানা সময়ে নতুন সব ফটোশুট আর চোখধাঁধানো লুকে সামাজিক যোগাযোগমাধ্যমে হাজির হয়ে ভক্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দেন এই তারকা। সম্প্রতি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে নববধূর রাজকীয় সাজে একাধিক ছবি শেয়ার করে নতুন করে বেশ আলোচনায় এসেছেন তিনি।

শেয়ার করা ছবিগুলোতে লাল ও মেরুন রঙের নিখুঁত কারুকাজ করা ভারী লেহেঙ্গায় রাজকীয় কনে বা নববধূর লুকে ধরা দিয়েছেন অপু বিশ্বাস। সঙ্গে গলায় ঝকমকে স্বর্ণালঙ্কার, টিকলি, নথ এবং হাতে ঐতিহ্যবাহী অলঙ্কার ও কলিরে তাঁর সৌন্দর্যে এনে দিয়েছে এক অনন্য আভিজাত্য। ছবির ক্যাপশনে আত্মবিশ্বাসী ও অর্থবহ ভাষায় অপু বিশ্বাস লিখেছেন "Royalty with Loyalty"

সামাজিক মাধ্যমে এই ব্রাইডাল লুকের ছবিগুলো পোস্ট করার পর থেকেই ভক্তদের প্রশংসার জোয়ারে ভাসছেন অভিনেত্রী। অপুর এই রাজকীয় উপস্থিতি ও মার্জিত রূপ দেখে অনুরাগীরা মন্তব্য ঘরে ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন। ঢাকাই চলচ্চিত্রের 'ঢালিউড কুইন' খ্যাত এই তারকার লুক যে নেটপাড়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে, তা বলাই বাহুল্য।