ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ক্যারিয়ারের দীর্ঘ চড়াই-উতরাই পেরিয়ে এখন অনেক বেশি পরিণত। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন, ক্যারিয়ার এবং অতীত নিয়ে সোজাসাপ্টা কথা বলেছেন তিনি। বিশেষ করে শাকিব খানের সঙ্গে তাঁর অতীত সম্পর্ক ও বিয়ে নিয়ে করা মন্তব্য ইতিমধ্যেই নেটিজেনদের নজর কেড়েছে।
বিয়ের প্রসঙ্গে প্রশ্ন করা হলে ‘ঢালিউড কুইন’ খ্যাত এই অভিনেত্রী বলেন:
“বিয়ে কেন টার্নিং পয়েন্ট হবে? ওটা আসলে ভুল সিদ্ধান্ত ছিল। খুব অল্প বয়সে আবেগতাড়িত হয়ে বিয়ে করাটা আমার জীবনের ভুল ছিল। নিজের অভিজ্ঞতা থেকে বলতে চাই, ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।”
বর্তমানে নিজের কাজ ও সন্তান জয়কে নিয়ে ব্যস্ত সময় পার করছেন অপু। ভবিষ্যতে আবারও ঘর বাঁধার কোনো পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নে কিছুটা রহস্য জিইয়ে রেখে তিনি জানান, এই মুহূর্তে এমন কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থায় তিনি নেই।
অতীতের তুলনায় নিজেকে এখন অনেক বেশি সচেতন মনে করেন এই নায়িকা। পুরনো দিনের কথা মনে করে তিনি বলেন:
“আগে একটু বেশি বাচ্চা ছিলাম। ক্যামেরার সামনে কী বলে ফেলতাম, কী করে ফেলতাম... কারণ ইমোশনের জন্য ক্যামেরা না। ক্যামেরা হচ্ছে পাবলিক ফেস করতে হয়।”
ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক মাধ্যমে ট্রল বা সমালোচনাকে একদমই পাত্তা দেন না অপু। বরং এসব নেতিবাচক বিষয় তিনি এড়িয়ে চলেন এবং মাঝে মাঝে উপভোগও করেন বলে জানান।
উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অপু বিশ্বাস। দীর্ঘ সময় গোপন থাকার পর ২০১৭ সালে একটি টিভি লাইভে বিষয়টি প্রকাশ্যে আনেন তিনি। পরবর্তীতে ২০১৮ সালে তাঁদের আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়। বর্তমানে অপুর হাতে রয়েছে বেশ কিছু নতুন প্রজেক্ট। আসছে কোরবানির ঈদে তাঁর নতুন সিনেমা ‘সিক্রেট’ মুক্তি পেতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।