নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ও হড়পা বানের মুখে পড়ে অল্পের জন্য প্রাণ রক্ষা পেয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও তাঁর ‘শিকার’ সিনেমার শুটিং টিম। চরম এই প্রাকৃতিক বিপর্যয়ের পর মানবিক দিক বিবেচনা করে শুটিং স্থগিত রেখে শুক্রবার (২৮ আগস্ট) ঢাকায় ফিরেছেন তারা। দেশে ফিরেই বিমান বন্দরে উপস্থিত গণমাধ্যমকর্মীদের কাছে নেপালের সেই রোমহর্ষক ও ভয়ংকর অভিজ্ঞতার বিবরণ দেন অপু বিশ্বাস।
অপু বিশ্বাস জানান, গত ২৬ আগস্ট কাঠমান্ডু থেকে প্রায় ২-৩ ঘণ্টার দূরত্বের একটি পাহাড়ি এলাকায় এ ভয়ংকর বন্যা ও ধসের দুর্ঘটনা ঘটে। কাকতালীয়ভাবে তাদের পরিকল্পনা ছিল ২৭ আগস্ট একই পথ দিয়ে শুটিংয়ের জন্য যাত্রা করার। শিডিউল একদিন পরে থাকায় অলৌকিকভাবে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তারা। এ প্রসঙ্গে অপু বলেন, “আল্লাহর অশেষ রহমত যে ২৬ তারিখ নয়, ২৭ তারিখ আমাদের মুভ করার কথা ছিল। তবে দুর্যোগটি এতটাই ভয়াবহ ছিল যে, ওই রাস্তাটি আগামী ১৫-২০ দিনের জন্য যাতায়াত সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে।”
মানুষের এমন দুর্ভোগের মাঝে গানের শুটিং করা অমানবিক দেখায় এই চিন্তা থেকেই পুরো টিমের সঙ্গে আলোচনা করে কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন অপু। উল্লেখ্য, ‘শিকার’ সিনেমায় অপুর সঙ্গে অভিনয় করছেন ওপার বাংলার প্রখ্যাত অভিনেতা খরাজ মুখার্জিও। এর আগে তিনি কলকাতা বিমানবন্দরে নেমে নিরাপদে থাকার কথা জানান, আর তার ঘণ্টাখানেক পরেই ঢাকায় ফিরে নেপালের পরিস্থিতির ভয়াবহতার কথা জানালেন অপু বিশ্বাস।