দক্ষিণী সংগীত জগতের জনপ্রিয় সুরকার-গায়ক অনিরুদ্ধ রবিচন্দ্র এবং আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্য মারানের সম্পর্কের গুঞ্জন নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা চলছে। তবে এবার সেই চর্চা রূপ নিতে যাচ্ছে পূর্ণতায়। আগামী নভেম্বরেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই চর্চিত জুটি।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, আগামী ১০ নভেম্বর গ্রিসে বসতে পারে অনিরুদ্ধ ও কাব্যের বিয়ের আসর। যদিও গ্রিসের কোথায় এই আয়োজন হবে কিংবা বিয়ের সঠিক স্থান ও তারিখ নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি দুজনের কেউ। ফলে খবরটি আপাতত সূত্রনির্ভর হিসেবেই গণ্য হচ্ছে।

তবে গত জুনে অনিরুদ্ধের আত্মীয় ও সিনিয়র অভিনেতা ওয়াইজি মহেন্দ্রের একটি মন্তব্য এই বিয়ের গুঞ্জনকে আরও জোরালো করে তোলে। তিনি এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছিলেন যে অনিরুদ্ধের পরিবারের পক্ষ থেকে বিয়ের বিষয়টি তাঁকে জানানো হয়েছে এবং তারা খুব শিগগিরই এক রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন।

প্রসঙ্গত, ২০২৫ সালেও তাঁদের প্রেমের খবর ছড়িয়ে পড়েছিল এবং রজনীকান্ত নাকি কাব্যের বাবা কালানিথি মারানের সঙ্গে বিয়ের ব্যাপারে দেখাও করেছিলেন। সে সময় গুঞ্জন উড়িয়ে অনিরুদ্ধ সামাজিক মাধ্যমে লিখেছিলেন, "বিয়ে? শান্ত হও বন্ধুরা। গুজব ছড়ানো বন্ধ করো"। তবে এবার নভেম্বর ঘনিয়ে আসার সাথে সাথে ভক্তদের নজর নতুন করে আটকে গেছে এই তারকা জুটির দিকে।