একসময় গরুর মাংস ছিল মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখের অন্যতম প্রিয় খাবার। অথচ এবারের কোরবানির ঈদে সেই খাবারই খেয়েছেন মাত্র দুই টুকরা। কারণ, এবার তার কাছে স্বাদের চেয়ে সুস্থতাই বেশি গুরুত্বপূর্ণ। ফ্যাটি লিভার ধরা পড়ার পর জীবনযাপনে বড় পরিবর্তন এনে সাত মাসে ১৫ কেজি ওজন কমিয়েছেন এই অভিনেত্রী।
মা হওয়ার পর একসময় শখের ওজন বেড়ে ৮০ কেজিতে পৌঁছেছিল। সন্তান জন্মের পর তা কমে ৭০ কেজিতে নামলেও এরপর আর ওজন কমছিল না। ডায়েট ও জিমে যাওয়ার চেষ্টা করেও দুই-তিন সপ্তাহ পর আগ্রহ হারিয়ে ফেলতেন। তবে এবার পরিস্থিতি তাকে নতুনভাবে ভাবতে বাধ্য করেছে।
প্রায় আট মাস আগে চিকিৎসকের কাছে গিয়ে শখ জানতে পারেন, তিনি ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন। এরপরই খাদ্যাভ্যাস ও জীবনযাপনে পরিবর্তন আনেন। পছন্দের অনেক খাবার বাদ দেওয়ার পাশাপাশি নিয়মিত জিমে সময় দিতে শুরু করেন। এর ফল হিসেবে সাত মাসের মধ্যে ৭০ কেজি থেকে তার ওজন নেমে এসেছে ৫৫ কেজিতে।
প্রথম আলোকে শখ জানিয়েছেন, তার বয়স ও উচ্চতা অনুযায়ী ৫৫ কেজি ওজনই আদর্শ। শুধু চেহারায় নয়, শারীরিকভাবেও এখন নিজেকে আগের চেয়ে অনেক বেশি ফিট মনে হচ্ছে তার। কাজের ক্ষেত্রেও ফিরে পেয়েছেন নতুন উদ্যম।
খাদ্যাভ্যাসের পরিবর্তন প্রসঙ্গে শখ বলেন, “আমি গরুর মাংস খেতে খুব ভালোবাসি। কিন্তু সেই আমি গেল কোরবানির ঈদে মাত্র দুই টুকরা মাংস খেয়েছি। খারাপ লেগেছিল, কিন্তু সুস্থতার জন্য এটা করতে হয়েছে।” চিকিৎসকের পরামর্শে বাসার রান্না করা খাবারেই সীমাবদ্ধ রেখেছেন নিজেকে।
এখন শখের খাবারের তালিকায় বেশি থাকছে সবজি, মুরগি ও ডিম। আলু বাদ দিয়েছেন। লাউ, ঢ্যাঁড়স, বেগুন ও পেঁপের মতো সবজি নিয়মিত খাচ্ছেন। তার ভাষায়, সুস্থ থাকার জন্য এসব পরিবর্তন মেনে চলতে হচ্ছে।
এর আগেও একাধিকবার ওজন কমানোর চেষ্টা করেছিলেন শখ। তবে এবার পরিস্থিতি ভিন্ন। এবার শুধু ফিট থাকার জন্য নয়, সুস্থ থাকার প্রয়োজন থেকেই নিজের জীবনযাপন বদলেছেন তিনি। আর এই পরিবর্তনকে ইতিবাচকভাবেই দেখছেন অভিনেত্রী।
প্রায় দুই দশক ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন শখ। অভিনয় ও মডেলিংয়ে ব্যস্ত সময় পার করার পর বিয়ে, সংসার ও সন্তানের কারণে দীর্ঘ বিরতিতে ছিলেন তিনি। তার সন্তানের বয়স এখন প্রায় সাড়ে চার বছর এবং সামনে স্কুল শুরু করবে। তাই আবারও নিয়মিত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন শখ।
অভিনেত্রী জানিয়েছেন, ভালো গল্প পেলে সামনে নিয়মিতই দর্শকের সামনে দেখা দিতে চান। এরই মধ্যে সিনেমার দুজন পরিচালক তার সঙ্গে যোগাযোগ করেছেন। সিনেমায় নিয়মিত হওয়ারও ইচ্ছা রয়েছে তার। কীভাবে আরও সুন্দরভাবে প্রত্যাবর্তন করা যায়, সেটি নিয়েও ভাবছেন এই অভিনেত্রী।
এদিকে বেশ কিছুদিন ধরে বিভিন্ন পণ্যের প্রচারণামূলক অনুষ্ঠান ও ফ্যাশন শোতে অংশ নিচ্ছেন শখ। গত শুক্রবারের একটি ফ্যাশন শোতেও দেখা গেছে তাকে। বদলে যাওয়া চেহারা ও ফিটনেস দেখে সেখানে উপস্থিত অনেকেই চমকে গেছেন।