দীর্ঘ ১৭ বছর পর 'তাসান' সিনেমার স্মৃতি ফিরিয়ে এনে ফের বড় পর্দায় জুটি বেঁধেছেন বলিউড তারকা অক্ষয় কুমার ও সাইফ আলী খান। প্রিয়দর্শন পরিচালিত সাইকোলজিক্যাল থ্রিলার ‘হাইওয়ান’ নিয়ে সিনেপ্রেমীদের মাঝে তুমুল উত্তেজনা থাকলেও মুক্তির প্রথম দিনে বক্স অফিসে প্রত্যাশিত চমক দেখাতে পারেনি সিনেমাটি। 

বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্যসূত্রে জানা যায়, ১৩০ কোটি টাকা বাজেটের এই ছবিটি প্রথম দিনে ভারতের বাজারে নেট ৩ কোটি রুপি এবং গ্রস ৩.৬০ কোটি রুপি আয় করেছে। বিশ্বজুড়ে সব মিলিয়ে সিনেমাটির প্রথম দিনের আয় গিয়ে দাঁড়িয়েছে প্রায় ৪.৬০ কোটি টাকায়। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সারা দেশে ৭,২২৪টি শো থাকা সত্ত্বেও সিনেমাটিতে দর্শকদের উপস্থিতি ছিল মাত্র ১১ শতাংশের কাছাকাছি।

বাণিজ্য বিশ্লেষকদের মতে, সিনেমাটির এই মন্থর সূচনার পেছনে প্রেক্ষাগৃহে আগে থেকে দাপট বজায় রাখা দুটি সিনেমার বড় ভূমিকা রয়েছে। একদিকে মুক্তির ৩৬ দিন পার করার পরও বক্স অফিসে রাজত্ব করে যাচ্ছে ‘হনুমান অংশ’, অন্যদিকে দ্বিতীয় সপ্তাহে পা রাখা ‘মির্জাপুর দ্য মুভি’-ও টিকিট কাউন্টারে দারুণ সাড়া ফেলছে। মূলত এই দুই সিনেমার শক্তিশালী অবস্থানের কারণেই প্রথম দিনে কাঙ্ক্ষিত দর্শক টানতে কিছুটা বেগ পেতে হচ্ছে অক্ষয়-সাইফের ‘হাইওয়ান’-কে।