দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে আছেন চিত্রনায়িকা খাদিজা বর্ষা। ব্যক্তিগত জীবনে নিয়মিত ধর্মীয় আচার পালন করেন তিনি। গত বছর ওমরাহ হজ পালন করতে মক্কায় যান বর্ষা। সেখান থেকে ফিরে এসে নেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। স্পষ্টভাবে জানান, আর সিনেমায় ফিরবেন না।
এই সিদ্ধান্তের কারণ হিসেবে বর্ষা জানান, সন্তানরা ধীরে ধীরে বড় হচ্ছে। তাদের ভবিষ্যৎ ও পারিবারিক সময়কে গুরুত্ব দিতেই এমন পথ বেছে নিয়েছেন তিনি। বলা যায়, নিজের সিদ্ধান্তে অটল রয়েছেন নায়িকা। নতুন কোনো চলচ্চিত্রে তার নাম শোনা যাচ্ছে না। যদিও মাঝে মধ্যে ফটোসেশন কিংবা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তাকে দেখা যায়।
অবসরে বই পড়তেই বেশি সময় দেন বর্ষা। বিশেষ করে ধর্মীয় বইয়ের প্রতি তার আগ্রহ চোখে পড়ার মতো। সম্প্রতি তেমনই একটি বই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন তিনি। সেখানে জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ ড. মাওলানা মিজানুর রহমান আজহারির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বর্ষা।
শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে আজহারির লেখা ‘এক নজরে কুরআন’ বইটির কয়েকটি ছবি শেয়ার করেন তিনি। ক্যাপশনে বর্ষা লেখেন, দীর্ঘদিন ধরেই বইটি পড়ার ইচ্ছে ছিল। তিনটি কপি অর্ডার করেছিলেন, যার মধ্যে দুটি দিয়েছেন নিজের বোনদের জন্য। বইটি হাতে পেয়ে তিনি আলহামদুলিল্লাহ জানান।
বর্ষা আরও লেখেন, জীবনে জানার অনেক কিছুই বাকি আছে, আর এই বইটি পড়ে অনেক কিছু জানতে পারবেন বলে আশা করছেন তিনি। এজন্য লেখককে ধন্যবাদ জানানোর পাশাপাশি তার মঙ্গল কামনা করে দোয়া করেন।
উল্লেখ্য, ২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বর্ষার। ওই ছবিতে অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন তিনি। পরের বছর, ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি। তাদের সংসারে রয়েছে দুই পুত্রসন্তান, আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল।