পশ্চিমবঙ্গের জনপ্রিয় ও প্রতিভাবান অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। রোববার (২৯ মার্চ, ২০২৬) দিঘার তালসারিতে একটি ধারাবাহিকের শুটিং চলাকালীন পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে। আনন্দবাজার পত্রিকা ও সংবাদ প্রতিদিনের অনলাইন সংস্করণে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর।

জানা গেছে, শুটিংয়ের প্রয়োজনে তালসারিতে পানিতে নেমেছিলেন রাহুল। হঠাতই গভীর পানিতে তলিয়ে যান তিনি। শুটিং সেটের টেকনিশিয়ানরা দ্রুত তাঁকে উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক খবরে জানা গেছে, পানিতে ডুবে শ্বাসরুদ্ধ হয়েই তাঁর মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় টালিগঞ্জ পাড়ায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্মগ্রহণ করা রাহুল তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন থিয়েটার দিয়ে। প্রায় ৪৫০টি নাটকে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে তিনি পা রাখেন রূপালি পর্দায়। তাঁর প্রথম সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার’ বক্স অফিসে ইতিহাস গড়েছিল এবং তাঁকে রাতারাতি তারকায় পরিণত করেছিল। এরপর ‘জ্যাকপট’, ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘কাগজের বউ’, ‘আকাশ অংশত মেঘলা’র মতো বাণিজ্যিক ও বিকল্প ধারার সিনেমায় অভিনয় করে তিনি নিজের জাত চিনিয়েছেন।

ব্যক্তিগত জীবনে ২০১০ সালে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করেছিলেন রাহুল। ২০১৭ সাল থেকে তাঁরা আলাদা থাকতে শুরু করেন এবং পরবর্তীতে তাঁদের বিচ্ছেদ হয়। তাঁদের একমাত্র সন্তান সহজের সঙ্গে রাহুলের সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড়। সম্প্রতি নিজের পডকাস্ট ‘সহজকথা’ নিয়ে বেশ আলোচনায় ছিলেন তিনি। রাহুলের অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছেন তাঁর দীর্ঘদিনের সহকর্মী ও ভক্তরা।