জাঁকজমকপূর্ণ আয়োজন থেকে দূরে থেকে একান্ত ঘরোয়া পরিবেশে তৃতীয়বারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড তারকা আমির খান ও গৌরী স্প্র্যাট। তবে বিয়ের অনুষ্ঠান যতটা সাদামাটা ছিল, কনের হাতে থাকা আংটিটি ঠিক ততটাই বিলাসবহুল ও ব্যতিক্রমী। বিরল প্রাকৃতিক রুবি, ৪০টি হীরা এবং শতাধিক কারিগরের নিখুঁত কারুকাজে তৈরি এই আংটিই এখন বলিউডের অন্যতম আলোচিত বিষয়।
গত ৫ জুলাই মুম্বাইয়ের পালি হিলে সমুদ্রমুখী নিজ বাসভবনে দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন ৬১ বছর বয়সী আমির খান। দুই পরিবারের সদস্য, তিন সন্তান এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে নিবন্ধনের মাধ্যমে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। প্রায় ১৫০ জন অতিথির উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠান ছিল সম্পূর্ণ ব্যক্তিগত, যেখানে বলিউডের চাকচিক্যের পরিবর্তে গুরুত্ব পেয়েছে পারিবারিক আন্তরিকতা।
বিয়ের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর সবচেয়ে বেশি নজর কাড়ে গৌরীর অনামিকায় থাকা আংটিটি। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এটি আমির খানের পক্ষ থেকে দেওয়া বিশেষ উপহার, যা তৈরি করেছে আন্তর্জাতিক বিলাসবহুল গয়নার ব্র্যান্ড ‘কুইন’।
ব্র্যান্ডটির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অমিত কুমার জানান, আংটির মূল আকর্ষণ একটি বিরল প্রাকৃতিক রুবি, যা বিশেষভাবে মাদাগাস্কার থেকে সংগ্রহ করা হয়েছে। উপযুক্ত মান, রং ও গুণগত বৈশিষ্ট্যের এই রুবি খুঁজে পেতে তাদের তিন মাসেরও বেশি সময় লেগেছে।
আংটির কেন্দ্রে বসানো হয়েছে ক্যাবোশন-কাট প্রাকৃতিক রুবি। সাধারণ রুবির মতো এতে বহু দিক থেকে আলোর প্রতিফলন দেখা যায় না। বরং মসৃণ ও গম্বুজাকৃতির কাটের কারণে রত্নটির স্বাভাবিক সৌন্দর্য আরও স্পষ্টভাবে ফুটে ওঠে। রুবিটির নিচে সোনার তৈরি মুকুটের আদলে একটি বিশেষ কাঠামো যুক্ত করা হয়েছে, যা পুরো নকশায় রাজকীয় আবহ এনে দিয়েছে।
শুধু রুবিই নয়, আংটির চারপাশে বসানো হয়েছে ৪০টি প্রাকৃতিক হীরা। পাশাপাশি ব্যবহার করা হয়েছে আরও কয়েকটি মূল্যবান রত্ন। ব্র্যান্ডটির দাবি, পুরো আংটিটি হাতে তৈরি করতে ১৩১ জন দক্ষ কারুশিল্পী একসঙ্গে কাজ করেছেন এবং সম্পূর্ণ প্রক্রিয়াটি শেষ করতে সময় লেগেছে প্রায় ২৫৬ ঘণ্টা। প্রতিটি অংশে সূক্ষ্ম কারুকাজ নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ যত্ন।
নির্মাতাদের ভাষ্য, এটি কেবল একটি বিয়ের আংটি নয়; ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণযোগ্য একটি পারিবারিক ঐতিহ্য হিসেবেও এটি তৈরি করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গৌরীর ব্যক্তিগত রুচি এবং আমির খানের পছন্দকে সামনে রেখেই আংটির নকশা চূড়ান্ত করা হয়। বিরল রুবি ব্যবহারের সিদ্ধান্তও ছিল সচেতন। উদ্দেশ্য ছিল, আংটিটি যেন শুধু একটি দামি অলংকার না হয়ে তাদের সম্পর্কের গভীরতা, আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে ওঠে।
আমির খান ও গৌরী স্প্র্যাটের পরিচয় প্রায় ২৫ বছরের। দীর্ঘ সময় যোগাযোগ না থাকলেও কয়েক বছর আগে তাদের আবার দেখা হয়। সেই পুরোনো বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় রূপ নেয়। ২০২৫ সালে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরীর সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ করেন আমির। পরে একাধিক সাক্ষাৎকারে তিনি জানান, জীবনের এই পর্যায়ে গৌরীর মধ্যে এমন এক ধরনের শান্তি ও স্থিরতা খুঁজে পেয়েছেন, যা তার কাছে সবচেয়ে মূল্যবান।
বিয়ের দিন আমিরকে দেখা যায় আইভরি রঙের ধুতি-পাঞ্জাবি ও একটি স্টাইলিশ ব্রোচে। অন্যদিকে গৌরী পরেছিলেন প্যাস্টেল রঙের লেহেঙ্গা ও বহু স্তরের গয়না। তবে সব সাজসজ্জা ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তার অনামিকার সেই বিশেষ আংটি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিরের তিন সন্তান—জুনায়েদ, ইরা ও আজাদ। এছাড়া দুই পরিবারের সদস্য এবং হাতে গোনা কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু নতুন এই অধ্যায়ের সাক্ষী হন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে স্পষ্ট হয়েছে, বিলাসিতার চেয়ে পারিবারিক উষ্ণতা ও আন্তরিকতাকেই বেশি গুরুত্ব দিয়েছেন নবদম্পতি।