‘প্রেশার কুকার’ চলচ্চিত্রের অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী-র নির্যাতনের ঘটনা ও খিলক্ষেত থানায় দায়ের করা মামলাকে ঘিরে নিজের নাম জড়িয়ে পড়ায় অবশেষে মুখ খুললেন মডেল জেবা তাকিয়া। স্নিগ্ধার দেওয়া বক্তব্যের পর এবার পুরো বিষয়টি নিয়ে বিস্ফোরণ ঘটিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। 

ঘটনার সূত্রে জানা যায়, আশিয়ান গ্রুপের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে হাত-পা বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে মামলা করেন স্নিগ্ধা চৌধুরী। এজাহারে স্নিগ্ধা দাবি করেন, অভিযুক্ত ব্যক্তি তাকে ‘জেবা তাকিয়া’ ভেবে ভুল করে ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং শারীরিক নির্যাতন চালান।

নিজের নাম জড়িয়ে পড়ার বিষয়ে জেবা তাকিয়া জানান, গুলশান-২ এলাকার একটি অফিসে হাসপাতালের টিভিসিতে কাজের বিনিময়ে তাকে ৫০ হাজার টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সেখানে যাওয়ার পর বিজ্ঞাপনের বদলে মডেলিং ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়ে বলা হয়, তার যাবতীয় খরচ নজরুল ইসলাম বহন করবেন। জেবা তৎক্ষণাৎ সেই অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করে চলে আসেন এবং পরবর্তী সময়ে তার নম্বর ব্লক করে দেন।

স্নিগ্ধার সঙ্গে শত্রুতার বিষয়ে জেবা বলেন, তাদের মধ্যে বর্তমানে কোনো যোগাযোগ নেই। এক অডিও বার্তায় জেবা জানান, আসিফ নামের এক ব্যক্তির সঙ্গে তার ভাই-বোনের মতো সম্পর্ক ছিল এবং নির্মাতা সাকিব সনেটও তার মার্জিত আচরণের প্রশংসা করতেন। জেবার ধারণা, এসব প্রশংসার কারণেই হয়তো স্নিগ্ধার মনে তার প্রতি ক্ষোভ বা বিরূপ মনোভাবের সৃষ্টি হতে পারে। এছাড়া স্নিগ্ধার সাবেক প্রেমিকের সঙ্গেও তার কোনো পরিচয় নেই বলে দাবি করেন এই মডেল।