ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে প্রকাশ্যে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করার ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে শোবিজ অঙ্গনে। দেশের বাইরে নারী ও শিল্পীদের ওপর হামলা এবং দেশের সার্বিক সামাজিক অস্থিরতা নিয়ে এবার চরম উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম।

মঙ্গলবার সকালে নিজের ফেসবুকে বাঁধনকে হেনস্তার ভিডিও শেয়ার করে গভীর ঘৃণা প্রকাশ করেন মম। পরবর্তীতে অপর এক পোস্টে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা ও অবক্ষয়ের চিত্র তুলে ধরে লেখেন, "কিছুই ঠিক হচ্ছে না! এই কর্মকাণ্ডগুলোর কোনটাই ভালো হচ্ছে না!" মাদ্রাসায় যৌন হয়রানি, নির্যাতন, রাজনৈতিক অন্ধত্ব, শিশু নিখোঁজ, ধর্ষণ, মাজার উচ্ছেদ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞার মতো বিষয়ের কঠোর সমালোচনা করেন তিনি।

দেশের এই বিদ্যমান বিশৃঙ্খলা ও অন্যায়ের প্রতিবাদ জানিয়ে এই অভিনেত্রী সতর্ক করে বলেন, সাধারণ মানুষ ধারাবাহিকভাবে প্রতারিত হচ্ছে এবং পরিস্থিতি এভাবে চলতে থাকলে দেশে গৃহযুদ্ধ আসন্ন। কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন জানিয়ে মম স্পষ্ট করেন, "আমার একটাই দল বাংলাদেশ। এ দেশটা সুস্থ থাকুক সেটাই চাই।"