স্ত্রী ইকরার মৃত্যুর ঘটনায় ছোট পর্দার অভিনেতা যাহের আলভীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। রোববার ঢাকার পল্লবী থানায় মামলাটি করেন ইকরার বাবা কবির হায়াত খান।

শনিবার মিরপুর ডিওএইচএসের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইকরার মরদেহ উদ্ধার করে পরিবার। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সময় একটি নাটকের শুটিংয়ে নেপালে ছিলেন যাহের আলভী। ইকরার পরিবারের অভিযোগ, তিনি স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন, বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন এবং দীর্ঘদিন ধরে মানসিক নির্যাতন করতেন।

মামলার এজাহারে বলা হয়, বিয়ের পর থেকেই আলভী তার মায়ের প্ররোচনায় ইকরাকে মানসিকভাবে নির্যাতন করতেন। পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা হলেও সমাধান হয়নি। প্রায় দুই বছর আগে ইকরা জানতে পারেন, তার স্বামী অন্য এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এরপর থেকে তাদের দাম্পত্য জীবনে বিরোধ বাড়তে থাকে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা ইকরাকে নিয়মিত অপমান করতেন এবং তাকে তাদের জীবন থেকে সরে যাওয়ার জন্য চাপ দিতেন। মামলায় আলভীর মাকেও দ্বিতীয় আসামি করা হয়েছে।

রোববার ময়মনসিংহের ভালুকায় ইকরার দাফন সম্পন্ন হয়। সেখানে উপস্থিত ছিলেন না আলভী। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা হয়। এ প্রসঙ্গে আলভীর দাবি, ঢাকায় ফেরার টিকিট কেটে নেপালে ইমিগ্রেশন সম্পন্ন করলেও নিরাপত্তা শঙ্কার কারণে দেশে ফেরেননি।

তার ভাষ্য, বিমানবন্দরের বাইরে তাকে আক্রমণের পরিকল্পনার তথ্য পেয়েছিলেন তিনি।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আলমগীর জাহান বলেন, মামলা রুজু হয়েছে। বিষয়টি তদন্তাধীন এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।