দশক পেরিয়ে গেলেও ‘সুপারম্যান’ বা ‘ব্যাটম্যান’-এর রাজত্ব টপকে দর্শক হৃদয়ে ‘স্পাইডার-ম্যান’-এর আবেদন কেন এত তীব্র? সম্প্রতি বক্স অফিসে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার অভূতপূর্ব সাফল্যের পর এই জনপ্রিয়তার মূল কারণ বিশ্লেষণ করেছে বিনোদন বিষয়ক আন্তর্জাতিক মাধ্যম ভ্যারাইটি।
প্রতিবেদনে বলা হয়, সুপারম্যানের অজেয়তা কিংবা ব্যাটম্যানের অন্ধকার জগতের উল্টো পিঠে স্পাইডার-ম্যানের মূল শক্তি হলো ‘আমাদের মতো সাধারণ’ হওয়া। পিটার পার্কার একজন সাধারণ কিশোর থেকে তরুণে রূপ নেওয়ার যাত্রায় প্রেমে পড়া, পারিবারিক ও আর্থিক সংকট এবং পরিচয় লুকানোর বাস্তব জীবনের লড়াইয়ের মধ্য দিয়ে যায়। ফলে কমিক কিংবা বড় পর্দা সব জায়গাতেই দর্শক তার সঙ্গে একাত্মতা অনুভব করতে পারেন।
স্পাইডার-ম্যানের পোশাকে টম হল্যান্ডের প্রাণবন্ত অভিনয় এবং তাঁর চরিত্রটির শহরের সুউচ্চ দালানের মধ্যে স্থানীয় ও ঘরোয়া পরিবেশ ধরে রাখার সামর্থ্য দর্শকদের প্রতিনিয়ত এর সঙ্গে জুড়ে রাখে। মূলত আলো ও অন্ধকারের এক চমৎকার সংমিশ্রণ এবং জীবনের কঠিন বাস্তবতা ফুটিয়ে তোলার কারণেই যুগের পর যুগ বিশ্বব্যাপী সিনেমাপ্রেমীদের প্রিয় চরিত্র হয়ে রয়েছে স্পাইডার-ম্যান।