‘সোনার বাংলায় নতুন ভোর’-এই স্লোগানকে সঙ্গী করে ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এক ঐতিহাসিক পরিবর্তন সূচিত হয়েছে। দীর্ঘ ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে এবার বাংলায় সরকার গঠনের স্বপ্ন পূরণ করেছে বিজেপি। এই বড় রাজনৈতিক পালাবদলের ঢেউ আছড়ে পড়েছে টালিউড পাড়াতেও। টলিউডের শিল্পী ও কলাকুশলীদের মধ্যে এই পরিবর্তন নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া; কেউ নতুন সরকারকে স্বাগত জানাচ্ছেন, আবার কেউবা প্রকাশ করছেন উদ্বেগ।
এই রাজনৈতিক আবহে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন টালিউড সুপারস্টার জিৎ। সাধারণত রাজনীতি থেকে দূরত্ব বজায় রাখা এই অভিনেতা বিজেপির জয়ে প্রকাশ্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। নিজের ফেসবুক পেজে এক পোস্টে জিৎ লিখেন, “বাংলার জন্য এটি এক ঐতিহাসিক মুহূর্ত। এই জয়ের জন্য অভিনন্দন। আশা করি, এই পরিবর্তন রাজ্যের উন্নয়ন ও অগ্রগতির নতুন পথ খুলে দেবে।” জিতের মতো একজন ‘অরাজনৈতিক’ তারকার এমন সরাসরি অবস্থান নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
অন্যদিকে, জিতের উচ্ছ্বাসের বিপরীতে সতর্কবার্তা দিয়েছেন অভিনেত্রী মৈত্রেয়ী মিত্র। প্রবাদের সুরে তিনি মনে করিয়ে দিয়েছেন, ক্ষমতার পালাবদল হলেও জনস্বার্থ যেন ক্ষুণ্ণ না হয়। অভিনেত্রী-সঞ্চালক সুদীপা চট্টোপাধ্যায় রাজ্যে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন এবং কোনো প্ররোচনায় পা না দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ করেছেন। অভিনেতা সাহেব চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীও তাঁদের নিজস্ব অবস্থান থেকে বাংলার ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ও উদ্বেগের কথা জানিয়েছেন। সব মিলিয়ে নতুন সরকারের অধীনে বাংলার শিল্প ও সংস্কৃতির ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়।