বলিউডের চাকচিক্যময় তারকাজীবনের পেছনে থাকা একাকীত্ব ও মানসিক চাপ নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেতা বরুণ ধাওয়ান। তার মতে, বাইরে থেকে যেভাবে তারকাদের জীবনকে দেখা হয়, বাস্তবে তা অনেকটাই ভিন্ন এবং জটিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বরুণ জানান, বিনোদন জগতের বেশিরভাগ অভিনেতাই ভেতরে ভেতরে গভীর একাকীত্ব অনুভব করেন। তার ভাষায়, প্রায় ৯০ শতাংশ অভিনেতাই এই মানসিক চাপ ও নিঃসঙ্গতার মধ্য দিয়ে যান।

অভিনেতা বলেন, ক্যারিয়ারের শুরু থেকেই তিনি এই বাস্তবতা বুঝতে পেরেছিলেন। তাই তিনি পর্দার বাইরে আলাদা কোনো ‘ইমেজ’ বা ভিন্ন ব্যক্তিত্ব তৈরি করার চেষ্টা করেননি। তার মতে, ক্যামেরার সামনে এবং বাস্তব জীবনে একই মানুষ হওয়াই মানসিকভাবে স্থিতিশীল থাকার অন্যতম উপায়।

বরুণ ধাওয়ান আরও বলেন, ভিন্ন ভিন্ন মুখোশ পরে চললে তা একসময় মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। নিজের স্বাভাবিক আচরণ ধরে রাখার চেষ্টা করেই তিনি এগিয়ে গেছেন।

তিনি জানান, অতিরিক্ত সাবধানতা বা সোশ্যাল মিডিয়ার ভয়ের কারণে অনেকেই এখন খোলামেলা কথা বলতে চান না। তবে তার মতে, মত প্রকাশ করলে বড়জোর সমালোচনা বা বয়কটের মুখে পড়তে হতে পারে, এর বেশি কিছু নয়।

সাক্ষাৎকারে তিনি বলিউড তারকা সালমান খানের সাম্প্রতিক কিছু সোশ্যাল মিডিয়া পোস্টের কথাও উল্লেখ করেন। বরুণ বলেন, সেগুলো দেখে তার মনে হয়েছে, সালমান খান যেন এক ধরনের মানসিক ভিন্ন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন।