অভিনয়ে নিজের অবস্থান শক্ত করছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শকদের ভালোবাসা পেয়েছেন তিনি। এ কারণে অনেকেই তাঁর সঙ্গে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর তুলনা করেন। কেউ কেউ মনে করেন, ক্যারিয়ারে মেহজাবীনের পথ অনুসরণ করেই এগোচ্ছেন তটিনী। তবে এই তুলনাকে কীভাবে দেখেন অভিনেত্রী?
সম্প্রতি ‘ফিরে আসার গল্প’ নাটকের সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন তটিনী। তিনি জানান, এমন প্রশ্নের মুখোমুখি তাঁকে প্রায়ই হতে হয়। বিষয়টি তিনি ইতিবাচকভাবেই নেন। তাঁর মতে, একজন গুণী অভিনয়শিল্পীর সঙ্গে তুলনা তাঁকে নিজের ক্যারিয়ার নিয়ে আরও সচেতন হতে অনুপ্রাণিত করে।
তটিনী বলেন, ‘অনেকেই বলেন, “তুমি মেহজাবীনের মতো, মেহজাবীনের জায়গায় যাচ্ছ।” আসলে কেউ কারও জায়গায় যেতে পারে না। আমি কারও সঙ্গে নিজেকে তুলনা করব না, কারও জায়গায় ভাবাটাও ঠিক না। শিল্প অঙ্গনে এই তুলনা হয় না। মেহজাবীন আপু অনেক বড়, গুণী একজন শিল্পী। তবে তুলনা করলে ভালো লাগে। তাঁর মতো গুণী অভিনেত্রীর সঙ্গে তুলনাও তো বড় পাওয়া।’
মেহজাবীনকে নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় উদাহরণ হিসেবেও দেখেন তটিনী। তাঁর ভাষ্য, ক্যারিয়ারে এগিয়ে চলার পাশাপাশি কাজের প্রতি সততা, পরিশ্রম ও অভিজ্ঞতার কারণেও মেহজাবীনের কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে।
তটিনী বলেন, ‘আমাদের জেনারেশন বা পরের জেনারেশনের জন্য মেহজাবীন আপু একটা উদাহরণ। তাঁর ক্যারিয়ারে এগিয়ে চলা, কাজের প্রতি সততা, তাঁর পরিশ্রম, তাঁর অনেক অভিজ্ঞতা, তাঁর কাছ থেকে আমাদের সবার শেখা উচিত।’
অভিনয়ে আসার পর থেকেই মেহজাবীনের ক্যারিয়ার অনুসরণ করার পরামর্শ পেয়েছেন বলে জানান তটিনী। শুধু অভিনয় নয়, ব্যক্তি হিসেবে মেহজাবীনের আচরণ ও চলাফেরা থেকেও অনুপ্রেরণা নেওয়ার কথা বলা হতো তাঁকে।
এ প্রসঙ্গে তটিনী বলেন, ‘আমি যখন অভিনয়ে আসি, তখনই অনেকে আমাকে একটা কথাই বলেছিলেন, যদি কারও মতো হতে চাও, তাহলে মেহজাবীনকে ফলো করো। আর শুধু ক্যারিয়ার নয়, সে মানুষ হিসেবে কেমন, তাঁর আচার–আচরণ সবই ফলো করার কথা বলতেন। কারণ, সিনিয়রদের কাছ থেকেই আমাদের অনুপ্রেরণা নেওয়া উচিত।’
বর্তমানে মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’ নিয়ে আলোচনায় রয়েছেন তটিনী। এতে তাঁকে দেখা যাচ্ছে গ্রাম থেকে ঢাকায় পড়তে আসা এক তরুণীর চরিত্রে। নাটকটিতে তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা পাচ্ছে।