পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল সব হিসাব-নিকাশ পাল্টে দিয়ে রাজ্যজুড়ে নতুন এক রাজনৈতিক সমীকরণ তৈরি করেছে। সোমবার (৪ মে) নির্বাচনের ফল পর্যালোচনায় দেখা গেছে, টলিউডের একঝাঁক তারকার ভাগ্য নির্ধারিত হয়েছে এই 'গেরুয়া ঝড়ে'। হেভিওয়েট তারকা প্রার্থীদের কেউ কেউ শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন, আবার কারও গলায় উঠেছে বিজয়ের মালা। তৃণমূলের বেশ কিছু 'নিশ্চিত' কেন্দ্র হাতছাড়া হওয়ার পাশাপাশি বিজেপির তারকা প্রার্থীরা বড় জয় ছিনিয়ে নিয়েছেন।
নদীয়ার করিমপুর কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী অভিনেতা সোহম চক্রবর্তী সোমবার সর্বশেষ রাউন্ডের গণনা শেষে পরাজিত হয়েছেন। তাঁকে ১০,১৮৫ ভোটে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপির সমরেন্দ্রনাথ ঘোষ। অন্যদিকে, বরানগর কেন্দ্রে তৃণমূলের অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জীকে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। সিনেমার পর্দায় হিট হলেও রাজনীতির মাঠে ব্যারাকপুর কেন্দ্রে দ্বিতীয়বারের মতো হারের স্বাদ পেয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। তিনি বিজেপির কৌস্তুভ বাগচীর কাছে ১৫,৮২২ ভোটে পরাজিত হয়েছেন।
বিজেপির তারকা প্রার্থীদের মধ্যে বড় জয় পেয়েছেন অভিনেতা হিরণ চ্যাটার্জী। হাওড়ার শ্যামপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থীকে ২২,২৬০ ভোটে পরাজিত করে তিনি জয়ের ধারা বজায় রেখেছেন। একই ধারায় শিবপুর কেন্দ্রে বড় জয় পেয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। প্রথম দিক থেকেই সেখানে পদ্ম-ঝড় লক্ষ্য করা গেছে এবং ১৭ রাউন্ড শেষে তিনি প্রায় ১৫ হাজার ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেছেন। সব মিলিয়ে এবারের নির্বাচনে পর্দার জনপ্রিয়তার চেয়েও রাজনৈতিক হাওয়াই তারকাদের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা পালন করেছে।