বলিউড অভিনেত্রী Kajol-এর মেয়ে Nysa Devgan-কে ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনার শেষ নেই। কাজল বরাবরই বলে আসছেন, নিসা ও যুগ তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। তবে বাস্তব জীবনে মা-মেয়ের সম্পর্ক সব সময় এতটা সহজ ছিল না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল জানান, এক সময় নিসার সঙ্গে তার সম্পর্ক এতটাই দূরত্বে পৌঁছেছিল যে টানা তিন বছর তাদের মধ্যে স্বাভাবিকভাবে কথাবার্তাও হতো না।
তিনি বলেন, প্রজন্মগত পার্থক্যই এই দূরত্বের মূল কারণ। নিসা ‘জেন-জি’ প্রজন্মের প্রতিনিধি, আর কাজল বেড়ে উঠেছেন ভিন্ন এক সময়ে ও পরিবেশে। নিসার বয়স ১২ হওয়ার পর থেকেই মতবিরোধ শুরু হয়, যা সময়ের সঙ্গে আরও তীব্র হয়।
কাজলের ভাষায়, “ওকে কিছুতেই বুঝতে পারতাম না। আমাদের মধ্যে প্রচণ্ড ঝগড়া হতো।”
পরিস্থিতি জটিল হয়ে উঠলে অবশেষে নিজেই পরিবর্তনের উদ্যোগ নেন কাজল। তিনি সিদ্ধান্ত নেন, ঝগড়ার বদলে যুক্তি ও ধৈর্যের মাধ্যমে মেয়ের সঙ্গে যোগাযোগ রাখবেন।
এই পরিবর্তনের অংশ হিসেবে তিনি নিসার কথা মন দিয়ে শোনা শুরু করেন এবং তার মতামতকে গুরুত্ব দিতে থাকেন। একই সঙ্গে উপদেশ দেওয়ার প্রবণতা কমান।
কাজলের মতে, এই ছোট ছোট পরিবর্তনই তাদের সম্পর্কে বড় ইতিবাচক পরিবর্তন এনে দেয়। দূরত্বের জায়গায় তৈরি হয় বোঝাপড়া ও সুন্দর আলাপের সম্পর্ক।