বিশ্বের অন্যতম সম্মানজনক ও প্রাচীন চলচ্চিত্র উৎসব ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে (অরিজোন্তি) জায়গা করে নিয়ে নতুন ইতিহাস তৈরি করল বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ছবিটি পরিচালনা করেছেন খ্যাতিমান নির্মাতা রুবাইয়াত হোসেন। আজ বৃহস্পতিবার ভেনিস উৎসবের সভাপতি আলবের্তো বারবেরা অফিশিয়াল মনোনয়নের মাধ্যমে এই ঐতিহাসিক ঘোষণা দেন।

পৃথিবীর সবচেয়ে পুরানো এই উৎসবটির ৮৩তম আসর বসতে যাচ্ছে ইতালির ভেনিস লিডোতে, যা চলবে আগামী ২ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। উৎসবে তরুণ ও প্রতিভাবান নির্মাতাদের চ্যালেঞ্জিং এবং উদ্ভাবনী কাজকে গুরুত্ব দেওয়ার জন্য পরিচিত ‘হরাইজন’ (অরিজোন্তি) শাখাতেই প্রিমিয়ার হবে বাংলাদেশের এই চলচ্চিত্রটি। এর আগে কান চলচ্চিত্র উৎসবে আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ জায়গা করে নিলেও ভেনিসের মূল প্রতিযোগিতা বিভাগে এটিই বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমার অফিশিয়াল মনোনয়ন।

ঢাকার একটি বিউটি পারলারকে ঘিরে নির্মিত এই মনস্তাত্ত্বিক হরর ঘরানার গল্পে উঠে এসেছে বিয়ে, রূপচর্চা ও সৌন্দর্যের সামাজিক নানা চাপ। বিয়ের সাজের প্রস্তুতি চলার সময় এক তরুণীর মনস্তাত্ত্বিক রূপান্তর, ভয় ও অস্বস্তিকর জগতের নানা সামাজিক সংকট এই সিনেমায় তুলে ধরা হয়েছে। পূর্বে ‘মেহেরজান’, ‘আন্ডার কনস্ট্রাকশন’ ও ‘মেড ইন বাংলাদেশ’-এর মতো প্রশংসিত ছবি বানালেও এবারই প্রথম হরর ঘরানার সিনেমা তৈরি করলেন রুবাইয়াত।

সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন নবাগত জাইনীন করিম চৌধুরী। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন আজমেরী হক বাঁধন, সুনেরাহ্ বিনতে কামাল, রিকিতা নন্দিনী শিমু, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারীসহ অনেকে। পর্তুগাল, নরওয়ে, জার্মানি, ফ্রান্স ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী পরিবেশনার দায়িত্ব নিয়েছে আন্তর্জাতিক খ্যাতনামা প্রতিষ্ঠান ‘সিনেমা বুটিক’।