ফরাসি-মরোক্কান অভিনেত্রী নাদিয়া ফারেস আর নেই। ১৭ এপ্রিল, ৫৭ বছর বয়সে তিনি মারা যান। জনপ্রিয় পুলিশি থ্রিলার ‘দ্য ক্রিমসন রিভার্স’-এ অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি পাওয়া এই অভিনেত্রীর প্রয়াণে ইউরোপের চলচ্চিত্রজগতে নেমে এসেছে শোকের ছায়া।

পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার হৃদ্‌রোগে আক্রান্ত হন নাদিয়া। প্যারিসের একটি ব্যক্তিগত ক্রীড়া কমপ্লেক্সের সুইমিংপুলে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে কৃত্রিম কোমায় রাখেন। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে ১৭ এপ্রিল তাঁর হৃদ্‌যন্ত্রের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

নাদিয়ার দুই মেয়ে, সিলিয়া ও শানা, এক বিবৃতিতে বলেন, “ফ্রান্স এক অসাধারণ শিল্পীকে হারাল, আর আমরা হারালাম আমাদের মাকে।” ব্যক্তিগত এই ক্ষতির কথা তুলে ধরে তাঁরা মায়ের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

১৯৬৮ সালের ২০ ডিসেম্বর মরক্কোর মারাকেশে জন্ম নেওয়া নাদিয়া শৈশব কাটান ফ্রান্সের নিস শহরে। অভিনয়ের স্বপ্ন নিয়ে পরে প্যারিসে পাড়ি জমান। ১৯৯২ সালে চলচ্চিত্রে যাত্রা শুরু হলেও ২০০০ সালে ‘দ্য ক্রিমসন রিভার্স’-এ অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

পরবর্তীতে হলিউডেও কাজ করেন তিনি। ২০০৭ সালের ‘ওয়ার’ ছবিতে ‘এজেন্ট জেড কিনলার’ চরিত্রে এবং একই বছরে ‘স্টর্ম ওয়ার্নিং’-এ অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক দর্শকদের কাছে আরও পরিচিত হয়ে ওঠেন।

২০০৯ সালে লস অ্যাঞ্জেলেসভিত্তিক প্রযোজক স্টিভ চ্যাসম্যানকে বিয়ে করে কিছুদিন অভিনয় থেকে দূরে ছিলেন নাদিয়া। ২০১৬ সালে ‘মার্সেই’ সিরিজের মাধ্যমে আবার পর্দায় ফেরেন। তবে ব্যক্তিগত জীবনের পরিবর্তনের পর ২০২২ সালে তিনি ফ্রান্সে ফিরে আসেন।

নাদিয়ার মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম লে ফিগারো। প্রাথমিকভাবে কোনো অপরাধমূলক ঘটনার ইঙ্গিত পাওয়া যায়নি।