তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়ের সঙ্গে অভিনেত্রী তৃষা কৃষ্ণনের সম্পর্কের গুঞ্জন আবারও নতুন করে আলোচনায় এসেছে। বিজয়ের স্ত্রী সংগীতা সোরনালিঙ্গম বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার করার কয়েকদিন পরই একটি সরকারি অনুষ্ঠানে বিজয়ের সঙ্গে তৃষাকে দেখা যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা।
শনিবার চেন্নাইয়ের ফোর্ট সেন্ট জর্জে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করেন বিজয়। এ সময় সামনের সারিতে উপস্থিত ছিলেন তার বাবা এস এ চন্দ্রশেখর ও মা শোভা চন্দ্রশেখর। একই সারিতে দেখা যায় তৃষা ও তার মা উমা কৃষ্ণনকেও। তবে অনুষ্ঠানে ছিলেন না বিজয়ের স্ত্রী সংগীতা।
অনুষ্ঠানের একটি ভিডিওতে দেখা যায়, বিজয় সামনে দিয়ে যাওয়ার সময় তাকে স্যালুট করছেন তৃষা। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এদিন ঐতিহ্যবাহী সাজে নজর কাড়েন তৃষাও।
বিজয় ও তৃষার ঘনিষ্ঠতা নিয়ে এর আগেও একাধিকবার গুঞ্জন ছড়িয়েছে। বিজয়ের ‘জন নায়াগন’ সিনেমার স্ক্রিনিং থেকে শুরু করে তার শপথগ্রহণ অনুষ্ঠান বিভিন্ন আয়োজনে তৃষার উপস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তবে তাদের সম্পর্ক নিয়ে বিজয় বা তৃষা কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
এদিকে বিজয় ও সংগীতার প্রায় ২৭ বছরের দাম্পত্যে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিচ্ছেদের আবেদন করেছিলেন সংগীতা। পরে ১৫ জুন তিনি আবেদনটি প্রত্যাহারের ইচ্ছা প্রকাশ করেন। শেষ পর্যন্ত গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে পিটিশন প্রত্যাহার করে নিলে আদালত মামলাটির নিষ্পত্তি করে।
সংগীতার বিচ্ছেদ মামলা প্রত্যাহারের পরপরই সরকারি অনুষ্ঠানে বিজয়ের সঙ্গে তৃষার উপস্থিতি পুরোনো সম্পর্কের গুঞ্জনকে আবারও সামনে এনেছে। তবে তাদের সম্পর্কের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য বা বক্তব্য পাওয়া যায়নি।