‘স্কুইড গেম’-এর ইতিহাস সৃষ্টিকারী সাফল্যের পর নেটফ্লিক্সে দক্ষিণ কোরিয়ার কন্টেন্ট নিয়ে আন্তর্জাতিক দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। সেই ধারাবাহিকতায় এবার প্ল্যাটফর্মটিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে নতুন কোরিয়ান ড্রামা ‘টিচ ইউ আ লেসন’। গত ৫ জুন মুক্তির পর মাত্র দেড় মাসের মাথায় নেটফ্লিক্সের গ্লোবাল হিটের তালিকায় শীর্ষ সারিতে জায়গা করে নিয়েছে সিরিজটি।

বিনোদনবিষয়ক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেডলাইন ও কোরিয়া জুংআং ডেইলি-র বরাতে জানায়, নেটফ্লিক্সের সদ্য প্রকাশিত ছয় মাসের দর্শকসংখ্যার প্রতিবেদনে সিরিজটির বিপুল জনপ্রিয়তার চিত্র উঠে এসেছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়সীমার তথ্যানুযায়ী, মাত্র দেড় মাসে ৪ কোটি ৮২ লাখ ভিউ অর্জন করে নন-ইংলিশ টিভি ক্যাটাগরিতে ও সিরিজ বিভাগে সার্বিক ষষ্ঠ স্থানে উঠে এসেছে প্রজেক্টটি।

সিরিজটির মূল প্রেক্ষাপট দক্ষিণ কোরিয়ার ভেঙে পড়া ও চরম বৈষম্যপূর্ণ শিক্ষাব্যবস্থা। যেখানে শিক্ষার্থীদের সঠিক পথ দেখাতে ও শিক্ষাব্যবস্থাকে সংস্কার করতে গড়ে ওঠে একটি বিশেষ সংস্থা। অ্যাকশন, থ্রিলার এবং সামাজিক বার্তার দুর্দান্ত মিশেলে নির্মিত এই প্রজেক্টটি মুক্তির পর থেকেই আন্তর্জাতিক সমালোচক ও দর্শকদের মন জয় করে চলেছে।

বিনোদন বিশ্লেষকদের মতে, ‘স্কুইড গেম’-এর পর এটিই হতে যাচ্ছে নেটফ্লিক্সের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় কোরিয়ান সিরিজ। বর্তমানে শীর্ষ তালিকায় থাকা প্রথম তিনটি স্থানই ‘স্কুইড গেম’-এর তিনটি মৌসুমের দখলে হলেও, ‘টিচ ইউ আ লেসন’ যেভাবে দ্রুত গতিতে ভিউ বৃদ্ধি করছে, তাতে দ্রুতই অন্যান্য জনপ্রিয় প্রজেক্টগুলোকে ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, একই সময়ে প্রচারিত টেলিভিশনের সাথে যৌথভাবে স্ট্রিমিং হওয়া কোরিয়ান ড্রামাগুলোর মধ্যে ১ কোটি ৫৭ লাখ ভিউ পেয়ে বেশ ভালো পারফর্ম করেছে ‘মাই রয়্যাল নেমেসিস’।