জনপ্রিয় অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজি ‘টয় স্টোরি’র পঞ্চম কিস্তিকে ঘিরে যখন ভক্তদের অপেক্ষা তুঙ্গে, তখনই এলো এক দারুণ চমকপ্রদ খবর। ছবিটির একটি বিশেষ গানে কণ্ঠ দিচ্ছেন বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট। শুধু সুরের জাদুই নয়, এবার ‘টয় স্টোরি ৫’ চলচ্চিত্রের গল্পে তুলে আনা হচ্ছে আধুনিক সময়ের এক গভীর সংকট শিশুদের ক্রমবর্ধমান স্ক্রিনটাইম আসক্তি।
গত এপ্রিল মাস থেকেই টেইলর সুইফটের অফিশিয়াল ওয়েবসাইটে একটি রহস্যময় কাউন্টডাউন এবং বিলবোর্ডের সংকেত দেখে ভক্তদের মনে নানা গুঞ্জন উঠেছিল। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ডিজনি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে, ‘আই নিউ ইট, আই নিউ ইউ’ শিরোনামের একটি গান নিয়ে আসছেন সুইফট। আগামী ১৯ জুন সিনেমাটি মুক্তির দুই সপ্তাহ আগেই ভক্তরা এই বিশেষ গানটি শুনতে পাবেন। ডিজনির পক্ষ থেকে জানানো হয়েছে, এই গানের মাধ্যমে টেইলর সুইফট তাঁর ক্যারিয়ারের শুরুর দিককার সেই চেনা ‘কান্ট্রি মিউজিক’ জনরায় ফিরে যাচ্ছেন। সিনেমার অন্যতম জনপ্রিয় কাউগার্ল চরিত্র ‘জেসি’র জীবনের যাত্রার ওপর ভিত্তি করেই মূলত গানটি তৈরি করা হয়েছে।
ছবির লেখক ও পরিচালক অ্যান্ড্রু স্ট্যান্টন এক বিবৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “টেইলরকে এই প্রজেক্টে পাওয়া আমাদের জন্য অবিশ্বাস্য এক অনুভূতি। প্রথমবার শোনার পর মনে হয়েছে, এই গানটি যেন সবসময় এই ফ্র্যাঞ্চাইজির অংশই ছিল।”
অন্যদিকে নিজের অনুভূতি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) সুইফট লিখেছেন:
“৫ বছর বয়স থেকে আমি টয় স্টোরির ভক্ত। ছবিটির একটি আর্লি স্ক্রিনিং দেখার পর বাসায় ফিরেই গানটি লিখে ফেলি। এটি আমার জন্য স্বপ্ন সত্যি হওয়ার মতো।”
জানা গেছে, আকর্ষনীয় এই গানটি সহ-প্রযোজনা করেছেন সুইফটের দীর্ঘদিনের বিশ্বস্ত সহকর্মী ও জনপ্রিয় সংগীত প্রযোজক জ্যাক অ্যান্টনফ।