নাটকের জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব দীর্ঘদিন ধরেই দর্শকদের উপহার দিয়ে আসছেন একের পর এক আলোচিত কাজ। গত বছর প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হয় তার। চক্র নামের একটি সিরিজে অভিনয়ের মাধ্যমে তিনি ওটিটি দুনিয়ায় পা রাখেন। এতে তার বিপরীতে ছিলেন তাসনিয়া ফারিণ এবং সিরিজটি নির্মাণ করেন ভিকি জাহেদ। প্রথম সিজন মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে এর দ্বিতীয় পর্ব নিয়ে আগ্রহ তৈরি হয়।

অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ করা হয়েছে ‘চক্র-২’ এর পোস্টার। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে প্রকাশিত পোস্টারটিতে লেখা  ‘শয়তান খোঁজে সুখী পরিবার’। ভয়াবহ এই পোস্টারে দেখা যায় একটি শরীর, কিন্তু নেই কোনো মাথা। পুরো শরীর রক্তে ভেজা, এক হাতে রক্তাক্ত চাপাতি এবং অন্য হাতে ধরা রয়েছে কাটা একটি হাত। নাভির চারপাশে ক্ষতচিহ্নও দেখা যায়। সিনেমাটিক এই পোস্টার ইতোমধ্যে দর্শক ও সমালোচকদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। জানা গেছে, পোস্টারে দেখা সেই মাথাবিহীন শরীরটি তৌসিফ মাহবুবেরই।

তবে পোস্টারটি প্রকাশের পর অনেকেই এটিকে ভুয়া বা কৃত্রিম বলে মনে করছেন। কেউ কেউ ধারণা করছেন, এটি হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে তৈরি করা হয়েছে। এ বিষয়ে তৌসিফ বলেন, পোস্টারটিতে এআই-এর কোনো ব্যবহার নেই। কেবল পেটের ক্ষতচিহ্নটি গ্রাফিক্সের মাধ্যমে তৈরি করা হয়েছে। চাপাতি, কাটা হাত এবং রক্তমাখা শরীর সবই বাস্তব শুটিংয়ের অংশ।

তৌসিফের ভাষায়, দর্শকদের জন্য এটি হবে ভয়াবহ এক অভিজ্ঞতা। তিনি বলেন, “রাতের ঘুম নষ্ট করার মতো একটি অভিজ্ঞতার জন্য সবাইকে প্রস্তুত থাকতে বলব।”

নির্মাতাদের মতে, ময়মনসিংহের সেই অভিশপ্ত আদম পরিবারের পেছনের প্রকৃত রহস্য কী ছিল সেই প্রশ্নের উত্তর খুঁজতেই নতুন করে শুরু হচ্ছে এক সাইকোলজিক্যাল গেম। প্রথম সিজনের শেষে যেখানে রহস্য তুঙ্গে পৌঁছেছিল, ঠিক সেখান থেকেই শুরু হবে ‘চক্র’ সিজন ২-এর গল্প।

নির্মাতা জানিয়েছেন, আসন্ন ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যেই তৈরি করা হয়েছে সিরিজটি। এটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন এ।

উল্লেখ্য, প্রায় ১৭ বছর আগে ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্যের রহস্যজনক মৃত্যুর ঘটনা দেশজুড়ে আলোড়ন তুলেছিল। সেই আলোচিত ঘটনার প্রেক্ষাপট থেকেই নির্মিত হয়েছিল ‘চক্র’ সিরিজের প্রথম সিজন। এবার দ্বিতীয় সিজনে সেই রহস্যের জট আরও উন্মোচিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।