লাল বেনারসিতে রাজকীয় সাজে ধরা দিয়ে ভক্তদের নজর কেড়েছেন অভিনেত্রী তানজিন তিশা। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে তোলা কয়েকটি ছবি ও একটি ভিডিও রোববার মধ্যরাতে নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন তিনি। এরপরই তার নতুন লুক নিয়ে শুরু হয় প্রশংসা।

ছবিতে তিশাকে দেখা গেছে আগুনরাঙা লাল বেনারসিতে। হাতে স্টাইলিশ পার্স, সঙ্গে মানানসই গয়না আর খোপায় জড়ানো সাদা ফুল। সব মিলিয়ে একেবারে রাজকীয় আবহে দেখা গেছে অভিনেত্রীকে।

হোটেলের ভেতরে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে নানা ভঙ্গিতে পোজ দিয়েছেন তিশা। কখনো স্নিগ্ধ হাসি, কখনো আবেদনময়ী দৃষ্টিতে ক্যামেরার দিকে তাকিয়েছেন তিনি। হোটেলের গাঢ় কালো ব্যাকগ্রাউন্ডের সঙ্গে লাল বেনারসির বৈপরীত্য তার পুরো লুককে আরও নজরকাড়া করে তুলেছে।

তিশার এই ছবি প্রকাশের পর ভক্তদের মধ্যেও দেখা গেছে উচ্ছ্বাস। তার ফ্যাশন ও সৌন্দর্যের প্রশংসা করে একজন লিখেছেন, “সৌন্দর্য যখন এতটা এলিগ্যান্ট হয়, চোখ আটকে যেতেই হয়!”

অভিনয়ের পাশাপাশি ফ্যাশনেবল লুকের জন্যও নিয়মিত আলোচনায় থাকেন তানজিন তিশা। তবে সাম্প্রতিক সময়ে অভিনয়ে তার ব্যস্ততা আগের তুলনায় কিছুটা কমেছে। গত জুলাইয়ে মুক্তি পাওয়া ‘পারিজাতের জন্য ভালোবাসা’ নাটকে খায়রুল বাশারের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। এরপর নতুন কোনো কাজে তাকে দেখা যায়নি।

অভিনয়ে ব্যস্ততা কম থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিশা। নিজের বিভিন্ন লুক ও মুহূর্তের ছবি নিয়মিতই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবারও তার রাজকীয় সাজের ছবি সামাজিক মাধ্যমে তৈরি করেছে বাড়তি আগ্রহ।

এদিকে সম্প্রতি একটি পুরোনো বিতর্ককে কেন্দ্র করে আইনি জটিলতায়ও পড়েছিলেন তিশা। শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় আত্মসমর্পণের পর জামিন পান অভিনেত্রী।