ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে শোবিজ ও অভিনয় থেকে দূরে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ঢাকা ও ভারতের চেন্নাইয়ে জোড়া অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি রয়েছেন চিকিৎসা ও পুরোপুরি সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ার মধ্য দিয়ে। কঠিন এই শারীরিক ও মানসিক লড়াইয়ের মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে কোরআনের বাণী শেয়ার করে নিজের ধৈর্য ধরে রাখার বার্তা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
চলতি বছরের ফেব্রুয়ারিতে তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর তিনি অভিনয়ে বিরতি নেন। প্রথমে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর প্রথম অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নিয়ে যাওয়া হলে সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা হয়।
দীর্ঘ এই শারীরিক ধকল ও কঠিন পরিস্থিতির মধ্যে সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে কোরআনের সূরা আল-বাকারাহর ১৫৩ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে তিনি লেখেন, “নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।” অসুস্থতার কঠিন দিনগুলোতে সৃষ্টিকর্তার ওপর ভরসা রেখে সুস্থতার জন্য লড়াই চালিয়ে যাওয়া এই অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর সহকর্মী ও অনুরাগীরা।