আন্তর্জাতিক সৌন্দর্য ও ব্যক্তিত্বভিত্তিক প্রতিযোগিতা ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল ২০২৬’-এ ইতিহাস গড়ল বাংলাদেশ। থাইল্যান্ডে আয়োজিত এই প্রতিযোগিতার জমকালো আসরে প্রায় ৪০টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের তমা রশিদ। গত রোববার (২৬ এপ্রিল) গ্র্যান্ড ফিনালেতে বিচারকরা তাকে বিজয়ের মুকুট পরিয়ে দেন, যা এই ক্যাটাগরিতে বাংলাদেশের জন্য প্রথম কোনো আন্তর্জাতিক জয়।

মুকুট জয়ের পর উচ্ছ্বসিত তমা রশিদ জানান, আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মে দেশের নাম উজ্জ্বল করতে পেরে তিনি অত্যন্ত গর্বিত। চূড়ান্ত পর্যায়ে ভারতের প্রতিযোগীর সঙ্গে তার হাড্ডাহাড্ডি লড়াই হয়। তবে কস্টিউম রাউন্ড, র‍্যাম্প ওয়াক এবং কুইজ সেগমেন্টে অসামান্য দক্ষতা দেখিয়ে তিনি বিচারকদের মন জয় করে নেন। তমার মতে, আত্মবিশ্বাস এবং প্রতিটি সেগমেন্টে নিখুঁত পারফরম্যান্সই তাকে এই ঐতিহাসিক বিজয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে।

তমা রশিদ পেশায় একজন উপস্থাপিকা। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে থাইল্যান্ড থেকে বিজয়ী বেশে তার দেশে ফেরার কথা রয়েছে। দেশে ফিরে তিনি পুনরায় নিয়মিত উপস্থাপনায় ফেরার পাশাপাশি নতুন প্রজন্মের তরুণীদের জন্য পরামর্শক হিসেবে কাজ করতে চান। যারা আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেন, তাদের জন্য নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পথপ্রদর্শক হতে চান এই নতুন বিশ্বজয়ী।