বলিউডে পা রাখার শুরুর দিকে নানা তিক্ত ও অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল অভিনেত্রী স্বরা ভাস্করকে। সম্প্রতি এক রিয়েলিটি শোতে অংশ নিয়ে অভিনয় জীবনের শুরুর দিকের তেমনই এক ভয়ংকর ঘটনার কথা প্রকাশ্যে এনেছেন তিনি। ‘তনু ওয়েডস মনু’ সিনেমার সাফল্যের পর এক ছবির শুটিংয়ে মদ্যপ অবস্থায় মাঝরাতে তাঁর ঘরের দরজায় ধাক্কা দিয়ে এক পরিচালক জড়িয়ে ধরতে চেয়েছিলেন বলে অভিযোগ করেছেন এই তারকা।
রিয়েলিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’-এর এক পর্বে নিজের জীবনের সেই স্মৃতির কথা উল্লেখ করে স্বরা জানান, ঘটনাটির সময় তাঁর বয়স ছিল ২০-এর কোঠায় এবং অতিথিশালায় তিনি একাই ছিলেন নারী। শুরুতে ওই পরিচালক তাঁর রূপ ও সৌন্দর্য নিয়ে কবিতা পাঠাতেন, যা তিনি ভদ্রভাবেই এড়িয়ে যেতেন। কিন্তু একদিন এক রোমান্টিক দৃশ্য একা মহড়া করার প্রস্তাব দিলে তিনি রাজি হননি। পরবর্তীতে তিনি দেখতে পান সেই পরিচালক ও চিত্রগ্রাহক অতিরিক্ত মদ পান করছেন, যা তাঁকে আতঙ্কিত করে তোলে।
স্বরা জানান, সেখান থেকে ঘরে চলে আসার পর রাতে ওই পরিচালক ক্রমাগত তাঁর দরজায় ধাক্কা দিতে থাকেন। বাধ্য হয়ে দরজা খুললে মদ্যপ অবস্থায় দাঁড়িয়ে থাকা পরিচালক তাঁকে জড়িয়ে ধরার জন্য বারবার চাপ সৃষ্টি করতে থাকেন। তখন সরাসরি তাঁকে 'না' বলে ভয় পাওয়ার কথা জানান অভিনেত্রী। তবে ইন্ডাস্ট্রিতে ক্ষমতার ভারসাম্যের কারণে তখন আর বেশি কিছু করা সম্ভব হয়নি বলে আক্ষেপ প্রকাশ করেন স্বরা। ২০১১ সালে ‘তনু ওয়েডস মনু’র পর ‘রাঞ্জনা’, ‘প্রেম রতন ধন পায়ো’ ও ‘ভিরে দি ওয়েডিং’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি পান তিনি। ২০২৩ সালে রাজনীতিক ফাহাদ আহমাদকে বিয়ের পর বর্তমানে এক সন্তানের জননী স্বরা আবারও বিনোদনজগতে সক্রিয় হয়েছেন।