মঙ্গলবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অনলাইন লেখকদের একটি অংশের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী সুনেরাহ। সংক্ষেপে প্রসঙ্গটি তুলে ধরে তিনি লিখেছেন, সোশ্যাল মিডিয়ায় অনেক লেখক আছেন, যা ইতিবাচক। তবে তাদের মধ্যে কেউ কেউ যাচাই-বাছাই না করেই ইচ্ছেমতো, অধিকাংশ ক্ষেত্রে নেতিবাচক লেখা প্রকাশ করেন।
পোস্টে পেশাদার সাংবাদিকদের ভূমিকাও উল্লেখ করে তাদের প্রতি সম্মান জানান তিনি। সুনেরাহ বলেন, সাংবাদিকরা পরিশ্রম করে নিজেদের অবস্থান তৈরি করেছেন এবং যথাযথ যাচাইয়ের পরই সংবাদ প্রকাশ করেন।
এছাড়া মতামতের আড়ালে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রবণতা নিয়েও প্রশ্ন তোলেন এই অভিনেত্রী। তার ভাষ্য, ‘আমার মনে হলো’- এ ধরনের ব্যক্তিগত ধারণার ভিত্তিতে কাউকে নিয়ে যা খুশি লেখা অযৌক্তিক। এর পেছনে ‘মনোযোগ আকর্ষণ’, ‘বিনোদন’ বা ‘আয়ের’ উদ্দেশ্য থাকতে পারে বলেও ইঙ্গিত করেন তিনি।
সবশেষে ভক্ত-অনুরাগীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, ভিত্তিহীন তথ্য এড়িয়ে চলার। উল্লেখ্য, শোবিজ অঙ্গনের অন্যান্য তারকার মতো সুনেরাহও প্রায়ই সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য ও সমালোচনার মুখে পড়েন। বর্তমানে তিনি নাটক ও চলচ্চিত্র, দুই মাধ্যমেই ব্যস্ত সময় পার করছেন।