অভিনয়গুণে অল্প সময়েই দর্শকের নজর কাড়েন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। বড় পর্দার কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় তিনি। সম্প্রতি এক আবেগঘন পোস্টে নিজের মনের অবস্থা ও দীর্ঘ ব্যক্তিগত সংগ্রামের কথা তুলে ধরেছেন এই অভিনেত্রী।
পোস্টে সুনেরাহ লিখেছেন, আয়নায় নিজের দিকে তাকিয়ে এমন এক অনুভূতি দেখেছেন, যা তার ভালো লাগেনি। সেটিকে কেউ বিষণ্ণতা, অসহায়ত্ব কিংবা শোক বলতে পারেন। নির্দিষ্ট কোনো কারণ না থাকলেও ভেতরে যেন অস্বস্তি কাজ করছিল। তার ভাষায়, প্রতিদিনই তিনি নিজের ওপর কাজ করেছেন, আরও ভালোভাবে বাঁচার জন্য এবং প্রাণশক্তিতে ভরপুর আনন্দময় জীবন গড়ার জন্য।
অভিনেত্রী জানান, সময়ের সঙ্গে নিজেকে মানসিকভাবে অনেক শক্ত করেছেন। জীবনে এমন কিছু কঠিন পথ পাড়ি দিতে হয়েছে, যেগুলো নিয়ে তিনি সাধারণত প্রকাশ্যে কথা বলেন না। সেই পথচলাকে তিনি একান্তই নিজের বলে উল্লেখ করে জানান, একাই সব সামলেছেন এবং সেই পরিশ্রমকে বৃথা যেতে দেবেন না।
সবশেষে নিজের প্রতি অঙ্গীকারের কথা জানিয়ে সুনেরাহ বলেন, তিনি হাসবেন এবং ভালো থাকবেন। কারণ হাসিটাই তাকে মানায়। সুখী ও উন্নত জীবনই তার পছন্দ, আর কোনো কিছু বা কাউকে সেই সুখ কেড়ে নিতে দেবেন না। এটিই তার নিজের কাছে নিজের প্রতিশ্রুতি।