জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল অভিনয়, নাচ ও উপস্থাপনায় নিজের দক্ষতার পরিচয় দিচ্ছেন। সম্প্রতি ‘ব্লেন্ডার্স চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস’-এর পঞ্চম আসরে তাঁর অভিনীত ‘দাগি’ সিনেমাটি দর্শকপ্রিয়তার পুরস্কার পেয়েছে। এর আগে ২০২২ সালে পুরস্কার আয়োজনটির প্রথম আসরে উপস্থাপনার দায়িত্বও পালন করেছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনয়জীবন, শাস্ত্রীয় নৃত্য, চলচ্চিত্র উৎসব ও বিনোদনশিল্পের নানা বিষয় নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।

উপস্থাপনায় স্বচ্ছন্দ হতে সময় লেগেছে

সুনেরাহ জানান, উপস্থাপনার কাজটি তাঁর জন্য কখনোই খুব সহজ ছিল না। স্বভাবগতভাবে কিছুটা লাজুক হওয়ায় মানুষের সামনে কথা বলতে অস্বস্তি বোধ করতেন তিনি। তবে সময়ের সঙ্গে সেই জড়তা কাটিয়ে উঠেছেন। সাক্ষাৎকারে কথা বলার ক্ষেত্রেও ধীরে ধীরে স্বচ্ছন্দ হয়েছেন বলে জানান অভিনেত্রী।

শাস্ত্রীয় নৃত্যে নিজের দক্ষতা দেখালেন

সুনেরাহর শাস্ত্রীয় নৃত্যের প্রশিক্ষণ থাকার বিষয়টি অনেকেরই অজানা ছিল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ‘পাতার বাঁশরি’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে নিজের এই দক্ষতা তুলে ধরেন তিনি। তাঁর মতে, পরিবেশনাটির মাধ্যমে দর্শকেরা তাঁর অন্য একটি দিক দেখার সুযোগ পেয়েছেন।

অনুষ্ঠানে অভিনেতা ইরফান সাজ্জাদের সঙ্গে মঞ্চ ভাগাভাগি করাও ছিল আনন্দের অভিজ্ঞতা। দুজনের ব্যক্তিত্ব আলাদা হলেও তাঁদের মধ্যে ভালো বোঝাপড়া রয়েছে বলে জানান সুনেরাহ। মহড়ার সময় ইরফানকে নাচের ধাপ শিখিয়েছেন তিনি। বারবার অনুশীলন করতে হওয়ায় নিজের পরিবেশনাও আরও ভালো হয়েছে বলে মনে করেন অভিনেত্রী।

‘দাগি’র প্রশংসা, তবু মনোনয়ন না পাওয়ার প্রশ্ন

সুনেরাহ অভিনীত ‘দাগি’ সিনেমাটি দর্শকদের প্রশংসা পেয়েছে এবং দর্শকপ্রিয়তার পুরস্কারও জিতেছে। তবে সিনেমাটি মুক্তির পর থেকে তাঁকে বারবার একটি প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে এত প্রশংসা পাওয়ার পরও কেন তিনি কোনো পুরস্কারের মনোনয়ন পাননি?

সুনেরাহ জানান, ছবিটি মুক্তির পর এবং বিভিন্ন পুরস্কার পেতে শুরু করার পর অনেকেই তাঁকে এই প্রশ্ন করেছেন। তবে পুরস্কারকেই স্বীকৃতির একমাত্র মাপকাঠি মনে করেন না তিনি। তাঁর কাছে সিনেমাটির সামগ্রিক সাফল্যও গুরুত্বপূর্ণ। ছবিতে অভিনয় করেছেন বলে এর ভালো ফলাফল তাঁর কাছেও বিশেষ তাৎপর্য বহন করে।

ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

সম্প্রতি নির্মাতা রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ভেনিস চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন সুনেরাহ। সেখানে দর্শকেরা ছবিটি কীভাবে গ্রহণ করছেন, তা গভীর আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, দর্শকেরা সিনেমাটির গল্প, নির্মাণ ও অভিনয়ের প্রশংসা করেছেন।

ছবিতে সুনেরাহর বিয়ের সাজও দর্শকদের নজর কেড়েছে। ঐতিহ্যবাহী কনের সাজ ধরে রাখতে ভারী লেহেঙ্গা, পূর্ণাঙ্গ বিয়ের সাজ এবং হাতে-পায়ে আলতার মতো রং ব্যবহার করতে হয়েছিল তাঁকে। প্রতিদিন শুটিংয়ের প্রস্তুতি নিতে কয়েক ঘণ্টা লাগত। এমনকি মাথায় ঘোমটা ঠিকভাবে আটকে দেওয়ার পর শুটিং শেষ না হওয়া পর্যন্ত ওয়াশরুমে যাওয়াও কঠিন ছিল বলে জানান তিনি। কষ্টকর হলেও পর্দায় সাজটি সুন্দরভাবে ফুটে উঠেছে বলে মনে করেন অভিনেত্রী।

ইউটিউব নাটকের জনপ্রিয়তা নিয়ে কী বললেন?

বর্তমানে ইউটিউব নাটকের জনপ্রিয়তা বাড়ছে। দর্শকদের দেখার অভ্যাসে পরিবর্তনের কারণে বিনোদনশিল্পকেও নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে বলে মনে করেন সুনেরাহ। তাঁর মতে, রিলস দেখা ও একের পর এক ভিডিও স্ক্রল করার অভ্যাস দর্শকদের মনোযোগের ধরনে পরিবর্তন এনেছে। পাশাপাশি বিনা মূল্যে ইউটিউব কনটেন্ট দেখার সুযোগও এই মাধ্যমের জনপ্রিয়তা বাড়িয়েছে।

তবে শুধু ইউটিউব নাটক নয়, সব মাধ্যমেই মানসম্মত কনটেন্ট তৈরির ওপর জোর দিয়েছেন তিনি। সুনেরাহর মতে, নেটফ্লিক্সের মতো প্ল্যাটফর্মে যে ধরনের কাজ দেখা যায়, স্থানীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোকেও তেমন মানের কনটেন্ট তৈরির দিকে এগোতে হবে। তাঁর ভাষ্য, দর্শকের পছন্দ ও অভ্যাস ভিন্ন হওয়ায় সিনেমা, সিরিজ, টেলিভিশন নাটকসহ সব ধরনের কনটেন্টেরই জায়গা থাকা প্রয়োজন।