ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেবের পারিবারিক ছবিতে মন্তব্য করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন সাবেক প্রেমিকা ও বর্তমান কাজের সহশিল্পী শুভশ্রী গাঙ্গুলী। পরিবারের সঙ্গে ছুটি কাটানোর কিছু বিশেষ মুহূর্ত সামাজিক মাধ্যমে অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছিলেন দেব। সেই ছবির মন্তব্য ঘরে হাজির হয়ে শুভশ্রীর এক রসিকতাপূর্ণ মন্তব্য দুই তারকার পুরোনো সেই চর্চিত ‘ইনোসেন্স’ বিতর্ককে আবারও প্রকাশ্যে নিয়ে এসেছে। 

টাকিতে মা, বাবা ও বোনের সঙ্গে কাটানো ছবি পোস্ট করে দেব পরিবার নিয়ে ব্যস্ত থাকার কথা জানালে শুভশ্রী কমেন্টে লেখেন, ‘ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছো ইনোসেন্সটা চলে গিয়েছে!!!!’ সহশিল্পীর এমন খোঁচা মিস করেননি দেবও। পাল্টা জবাবে রসিকতা করে তিনি লেখেন, ‘আমার চোখে নিজেকে খুঁজে দেখো, আগের মতই আজও আছে যে সবই এক।’ দুই তারকার এই হালকা চালের খুনসুটি নেটিজেনদের বেশ সামাজিক মাধ্যমে মেতে ওঠার রসদ জুগিয়েছে।

উল্লেখ্য, অতীতে দেব এক সাক্ষাৎকারে বলেছিলেন ১৪ বছর আগের শুভশ্রীর সঙ্গে বর্তমান শুভশ্রীর অনেক তফাত রয়েছে এবং তাঁর আগের সেই ‘ইনোসেন্স’ এখন আর নেই। তৎকালীন সময়ে এই মন্তব্য নিয়ে মান-অভিমান ও টানাপোড়েন তৈরি হলেও সেসব অতীত এখন পেছনে ফেলেছেন তাঁরা। আগামী দুর্গাপূজায় তাঁদের নতুন সিনেমা 'দেশু ৭'-এর মাধ্যমে দীর্ঘদিন পর ফের বড় পর্দায় জুটি বাঁধছেন দেব-শুভশ্রী।