ঈদের আমেজে প্রেক্ষাগৃহে যখন দর্শকদের উপচে পড়া ভিড়, ঠিক তখনই দেশের শীর্ষ মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্সের অনলাইন টিকিট ব্যবস্থাপনা নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। অনলাইনে টাকা পরিশোধ করেও টিকিট না পাওয়া এবং পরবর্তীতে প্রেক্ষাগৃহে গিয়ে হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলেছেন খোদ ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। এই অব্যবস্থাপনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর দেওয়া একটি পোস্ট এখন নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে।

অমি জানান, অনলাইনে পেমেন্ট সফল হওয়ার পর হটলাইনে যোগাযোগ করলে তাঁকে জানানো হয়েছিল টিকিট নিশ্চিত হয়েছে। কিন্তু সশরীরে প্রেক্ষাগৃহে যাওয়ার পর জানা যায়, সার্ভার ত্রুটির কারণে তাঁর বুকিংটি সফল হয়নি। ক্ষোভ প্রকাশ করে নিজের ফেসবুক প্রোফাইলে অমি লিখেছেন, “অনলাইনে পেমেন্ট কেটে নেওয়ার পরও টিকিট কনফার্ম না হওয়া-এটি সত্যিই দুঃখজনক। সার্ভার সমস্যা থাকলে পেমেন্ট কেটে নেওয়া হলো কীভাবে? টাকার চেয়েও বড় বিষয় হলো সময়ের অপচয়। সময়ের মূল্য কে দেবে?” তিনি আরও যোগ করেন, সিনেমার সব স্তরের দুর্নীতি, অনিয়ম ও ভোক্তা হয়রানি বন্ধ হওয়া উচিত।

অমির এই অভিযোগের পর আরও অনেক সাধারণ দর্শক অনলাইনে টাকা পরিশোধ করেও টিকিট না পাওয়ার একই ধরনের অভিজ্ঞতার কথা জানাচ্ছেন। দর্শকদের ব্যাপক সমালোচনার মুখে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজে একটি বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে, অনলাইন টিকিটিংয়ে কোনো সমস্যা হলে গ্রাহকরা যেন পেমেন্টের স্ক্রিনশটসহ ইমেইল বা ইনবক্স করেন। তবে কর্তৃপক্ষের এই আশ্বাসের পরও অনেক গ্রাহক দাবি করছেন, টাকা কেটে নেওয়া হলেও অর্থ ফেরতের বিষয়ে তাঁরা এখনো কোনো কার্যকর সমাধান পাননি। ঈদের মৌসুমে এমন কারিগরি ত্রুটি দর্শকদের সিনেমা দেখার আনন্দকে ম্লান করে দিচ্ছে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।