ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার একটি ভিডিও। ভিডিওতে কান ধরে উঠবস করতে দেখা যায় অভিনেত্রীকে। পরে তিনি ছাত্র আন্দোলনের প্রশংসা করে ‘জেন জি’ প্রজন্মকে স্যালুট জানান।
প্রশ্নফাঁস ও পরীক্ষা ব্যবস্থায় অনিয়মের অভিযোগে দীর্ঘদিনের ছাত্র আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর ভিডিওটি প্রকাশ করেন সোনাক্ষী। ভিডিওতে তিনি বলেন, ‘আমি তো জেন জি নিয়ে অনেক হালকা মনে করতাম। ভেবেছিলাম, এদের দিয়ে কিছুই হবে না। আর কখনো এমন বলব না। স্যালুট।’ এরপর তিনি আরও বলেন, ‘আমি জেন জি হতে চাই। আপনারা দারুণ কাজ করেছেন।’
ভিডিওর একপর্যায়ে মাথার টুপি খুলে মাটিতে ফেলে দেন সোনাক্ষী। সে সময় তাকে জিম শর্টস, ওভারসাইজ টি শার্ট ও টুপি পরা অবস্থায় দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা তৈরি করে।
ছাত্র আন্দোলনের শুরু থেকেই আন্দোলনকারীদের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়ে আসছিলেন সোনাক্ষী সিনহা। অধিকারকর্মী সোনম ওয়াংচুক এবং আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষেও তিনি একাধিকবার বক্তব্য দিয়েছেন। ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তাঁর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন, আবার কেউ কেউ এ নিয়ে ভিন্ন মতও প্রকাশ করেছেন।