রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আসার কথা ছিল ইউরেনিয়াম জ্বালানির চালান। তবে নির্ধারিত ফ্লাইটটি পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় ২৪ সেপ্টেম্বর চালানটি বাংলাদেশে পৌঁছাতে পারেনি। বিষয়টি নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে।
এবার এ নিয়ে পাকিস্তান হাইকমিশনের কাছে সরাসরি ব্যাখ্যা চেয়েছেন চিত্রনায়ক সোহেল রানা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘পাকিস্তান হাইকমিশন, সত্যিকারভাবে জানতে চাই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য যে ইউরেনিয়াম নিয়ে রাশিয়ান প্লেন আসার কথা ছিল, তাকে নাকি আপনারা পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করার জন্য অনুমতি দেননি। কথার সত্যতা জানাবেন।’
এরপর তিনি আরও লেখেন, ‘পাস কাটিয়ে গেলে আমাদের উত্তর খুব সুখবর হবে না।’
এদিকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, ইউরেনিয়াম বহনকারী কার্গো বিমানটি পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময়ে বাংলাদেশে আসতে পারেনি। তবে ঠিক কী কারণে ওই অনুমতি দেওয়া হয়নি, তা এখনো নিশ্চিত নয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলামও জানিয়েছেন, চালানটি গ্রহণের জন্য বিমানবন্দরে সব প্রস্তুতি সম্পন্ন ছিল। পরে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের যোগাযোগ কর্মকর্তার কাছ থেকে আকাশসীমা-সংক্রান্ত সমস্যার কথা জানতে পারেন তারা।
জানা গেছে, ২৪ সেপ্টেম্বর ইউরেনিয়ামের চালানটি বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। নতুন সময়সূচি নিয়ে কাজ চলছে এবং রাশিয়া অক্টোবরের প্রথম সপ্তাহে চালানটি পাঠানোর প্রস্তাব দিয়েছে।