মা হতে চান বলিউড অভিনেত্রী শ্রুতি হাসান। নিজের জৈবিক সন্তান নেওয়ার ইচ্ছা যেমন রয়েছে, তেমনি প্রয়োজনে সন্তান দত্তক নেওয়ার বিষয়টিও খোলা মনে দেখছেন তিনি। সম্প্রতি এক পডকাস্টে মাতৃত্ব নিয়ে নিজের ভাবনা এবং দীর্ঘদিনের একটি ভয় কাটিয়ে ওঠার গল্প জানিয়েছেন অভিনেত্রী।

মাত্র ১৪ বছর বয়সে শ্রুতিকে বলা হয়েছিল, ভবিষ্যতে মা হতে তার সমস্যা হতে পারে। কারণ, তখন তার পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা PCOS ছিল। কৈশোরে শোনা সেই কথা তার মনে গভীর প্রভাব ফেলে। একসময় তিনি ধরে নিয়েছিলেন, হয়তো তার জন্য মা হওয়া সহজ হবে না।

সম্প্রতি সোহা আলী খানের সঙ্গে এক পডকাস্টে মাতৃত্ব নিয়ে কথা বলেন ৪০ বছর বয়সী শ্রুতি। সেখানে তিনি জানান, কৈশোরে পাওয়া ওই তথ্যের কারণে দীর্ঘদিন সন্তান ধারণ নিয়ে ভয় কাজ করত তার মনে।

তবে পরবর্তীতে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলার পর বদলে যায় শ্রুতির সেই ধারণা। চিকিৎসক তাকে বোঝান, PCOS থাকলেই যে একজন নারী মা হতে পারবেন না, এমনটা নয়। তিনি যখন মা হওয়ার জন্য প্রস্তুত হবেন, তখন প্রয়োজন অনুযায়ী বিষয়টি নিয়ে কাজ করা সম্ভব।

চিকিৎসকের এই পরামর্শই শ্রুতির দৃষ্টিভঙ্গি বদলে দেয়। আগে বয়স ও PCOS-এর কারণে মা হওয়ার সুযোগ হয়তো হাতছাড়া হয়ে যাচ্ছে বলে মনে করতেন তিনি। পরে বুঝতে পারেন, বিষয়টি এতটা সরল নয় এবং ভবিষ্যতে মাতৃত্বের সম্ভাবনাও রয়েছে।

এখন নিজের জৈবিক সন্তান নেওয়ার চেষ্টা করতে চান শ্রুতি। তবে সন্তান দত্তক নেওয়ার বিষয়েও তার আগ্রহ রয়েছে। তার কাছে মা হওয়ার অনুভূতিটাই বেশি গুরুত্বপূর্ণ। সন্তান অবশ্যই তার নিজের শরীরের হতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই বলেও জানিয়েছেন অভিনেত্রী।

১৪ বছর বয়সে শোনা একটি কথাই দীর্ঘদিন মাতৃত্ব নিয়ে ভয় তৈরি করেছিল শ্রুতির মনে। এখন সেই ভয়কে পেছনে ফেলে ভবিষ্যতে মা হওয়ার সম্ভাবনাকে আরও ইতিবাচকভাবে দেখছেন তিনি।