ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল এবার কথা বলেছেন তাঁর দাম্পত্য জীবন নিয়ে। সংসারের দায়িত্ব ভাগ করে নেওয়া এবং ব্যস্ত ক্যারিয়ারে সমর্থন দেওয়ার জন্য স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ের প্রশংসা করেছেন তিনি।

সম্প্রতি ‘দ্য মেল ফেমিনিস্ট পডকাস্ট’এ শ্রেয়া জানান, কাজের কারণে তাঁকে মাসের পর মাস বাড়ির বাইরে থাকতে হলেও সংসারের দায়িত্ব সামলে নেন শিলাদিত্য। এমন একজন জীবনসঙ্গী পেয়ে নিজেকে ‘ভাগ্যবতী’ মনে করেন এই গায়িকা।

শ্রেয়া বলেন, শিলাদিত্য নিজের বাড়ির কাজ নিজেই করতে স্বচ্ছন্দ। নিজের থালাবাসন ধোয়া থেকে শুরু করে রান্নাঘর পরিষ্কার সবই তিনি নিজে করেন। শ্রেয়ার ভাষায়, ‘আমি ভাগ্যবান এই মানুষটাকে পেয়ে। সে পুরো বাড়িটা সামলে নেয়। নিজের মতো করে থাকতে ভালোবাসে।’

দুজনের ব্যস্ত পেশাগত জীবনের কারণে সংসারের কাজও নিজেদের মধ্যে বুঝে ভাগ করে নিতে হয় বলে জানান শ্রেয়া। তিনি বলেন, ‘আমরা দুজনেই সারাদিন কঠোর পরিশ্রম করি। তাই নিজেদের কাজগুলোও আমরা নিজেদের মতো করে করি। সে কখনো আমাকে জিজ্ঞেস করেনি, “তুমি এখানে নেই কেন?” আমি তো মাঝে মাঝে কয়েক মাসও বাড়িতে থাকি না।’

শ্রেয়ার দাবি, প্রেমের সময় থেকেই তাঁর পেশাগত ব্যস্ততা সম্পর্কে সচেতন ছিলেন শিলাদিত্য। এ নিয়ে তাঁর কোনো অহমিকা বা নিরাপত্তাহীনতা নেই। একইভাবে শ্রেয়াও স্বামীকে তাঁর মতো করে কাজ করার স্বাধীনতা দেন।

গায়িকা বলেন, ‘আমাদের দুজনেরই অহংবোধের সমস্যা নেই। এই জায়গায় আমরা দুজনেই একই রকম। আর আমাদের সন্তানই আমাদের পৃথিবীর কেন্দ্রবিন্দু।’

২০১৫ সালে বিয়ের আগে প্রায় ১০ বছর প্রেমের সম্পর্কে ছিলেন শ্রেয়া ও শিলাদিত্য। ওই বছরের ৫ ফেব্রুয়ারি বাঙালি রীতিতে বিয়ে করেন তাঁরা। ২০২১ সালে এই দম্পতির ঘর আলো করে আসে তাঁদের প্রথম সন্তান।

ব্যস্ত প্লেব্যাক ক্যারিয়ার সামলেও শ্রেয়া বরাবরই ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করেন। এবার স্বামীর সঙ্গে সম্পর্কের কিছুটা অন্দরমহলের গল্পও শেয়ার করলেন তিনি।