বিগ বসে থাকার সময় শরীর, ওজন ও কথা বলার ধরন নিয়ে ব্যাপক ট্রলের শিকার হয়েছিলেন অভিনেত্রী শেহনাজ গিল। তাকে ‘আনপাড় গাঁওয়ার’ অর্থাৎ অশিক্ষিত ও অমার্জিত বলেও কটাক্ষ করেছিলেন অনেকে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সেই সময়ের অভিজ্ঞতা স্মরণ করে শেহনাজ বলেন, বিগ বসে থাকাকালে তার শরীর নিয়ে নিয়মিত ট্রল করা হতো। শুধু শরীর নয়, তার ভাষা ও কথা বলার ধরন নিয়েও নানা মন্তব্য শুনতে হয়েছে তাকে।
বিগ বস থেকে বের হওয়ার পর ওজন কমানোর প্রসঙ্গও তুলে ধরেন অভিনেত্রী। শেহনাজ জানান, ওজন কমিয়ে তিনি মানুষকে বোঝাতে চেয়েছিলেন যে ওজন কমানো অসম্ভব বা অত্যন্ত কঠিন কোনো বিষয় নয়। তবে কেউ নিজের শরীর নিয়ে স্বচ্ছন্দ থাকলে এবং সেই শরীরেই নিজেকে ভালো লাগলে তাতেও কোনো সমস্যা নেই বলে মনে করেন তিনি।
শেহনাজের মতে, সমাজে নারীদের একটি নির্দিষ্ট শারীরিক গড়ন, বিশেষ করে ‘আওয়ারগ্লাস ফিগার’-কে সৌন্দর্যের আদর্শ হিসেবে দেখার প্রবণতা রয়েছে। কিন্তু সবার শরীরের গড়ন তো এক রকম নয়। তাই একটি নির্দিষ্ট শারীরিক গড়নকেই কেন সৌন্দর্যের মানদণ্ড হিসেবে বিবেচনা করা হবে, সেই প্রশ্নও তোলেন তিনি।
অভিনেত্রীর ভাষ্য, কেউ যদি স্বাস্থ্যকর শরীরকে সৌন্দর্য ও ভালো থাকার নতুন মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করেন, সেটিও একসময় জনপ্রিয় হয়ে উঠতে পারে। তবে যেকোনো পরিবর্তনের শুরুটা কাউকে না কাউকেই করতে হবে।
নিজের ওজন নিয়ে মানুষের দ্বিমুখী আচরণের কথাও বলেন শেহনাজ। তার দাবি, তিনি ওজন কমালে কেউ কেউ প্রশ্ন করেন কেন এতটা ওজন কমিয়েছেন এবং এতে তাকে ভালো দেখাচ্ছে না। আবার ওজন বাড়লে সেই একই মানুষ তাকে ‘মোটা’ বলে নিজের ওপর কাজ করার পরামর্শ দেন। এমন পরিস্থিতিতে অভিনেত্রীর প্রশ্ন, ‘দুনিয়া আসলে কী চায়?’
শেহনাজের মতে, শরীর নিয়ে অন্যের মন্তব্যের চেয়ে নিজের স্বাস্থ্য ঠিক আছে কি না, সেটিই বেশি গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা না থাকলে নিজের শরীর নিয়ে স্বচ্ছন্দ থাকাই উচিত।
বিগ বস ১৩-এর মাধ্যমে ব্যাপক পরিচিতি পান শেহনাজ গিল। এরপর অভিনয় ও গানের পাশাপাশি বলিউডেও নিজের জায়গা তৈরি করেন তিনি। ২০২৩ সালে ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। ‘হসলা রাখ’ ও ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’-এর মতো সিনেমাতেও অভিনয় করেছেন শেহনাজ। পাশাপাশি ‘দেশি ভাইবস উইথ শেহনাজ’ নামে একটি সেলিব্রিটি চ্যাট শোও উপস্থাপনা করেছেন তিনি।