বলিউড অভিনেত্রী শমিতা শেট্টি (Shamita Shetty) তাঁর ‘এন্ডোমেট্রিওসিস’ (Endometriosis) রোগের চিকিৎসা ও তা থেকে মুক্তি পাওয়ার বিষয়ে এক অদ্ভুত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। চিকিৎসকের পক্ষ থেকে রোগ নিরাময়ের উপায় হিসেবে ‘সন্তান জন্ম দেওয়ার’ পরামর্শ পাওয়ার পর মজার ছলে তাঁর দেওয়া পাল্টা প্রশ্ন “কিন্তু পুরুষ পাব কোথায়?” বর্তমানে নেটপাড়ায় বেশ সাড়া ফেলেছে।

২০২৪ সালের মে মাসে এন্ডোমেট্রিওসিস রোগের জন্য একটি অস্ত্রোপচার করিয়েছিলেন শমিতা। সম্প্রতি তিনি অভিনেত্রী সোহা আলী খানের (Soha Ali Khan) পডকাস্ট ‘অল অ্যাবাউট হার’ (All About Her)-এ তাঁর গাইনোকোলজিস্ট ড. নীতা ওয়ার্টির সাথে উপস্থিত হয়ে এই রোগ, হরমোন ও ফার্টিলিটি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

পডকাস্ট চলাকালীন সোহা যখন প্রশ্ন করেন যে, অনেক চিকিৎসকই পিসিওএস (PCOS) বা এন্ডোমেট্রিওসিসের প্রতিকার হিসেবে মেয়েদের সন্তান নেওয়ার পরামর্শ দেন, এটি কতটা সত্য? জবাবে শমিতা হেসে বলেন, “আমার ডাক্তারও আমাকে বলেছিলেন, সন্তান জন্ম দেওয়াই এর একমাত্র নিরাময়। তখন আমি বলেছিলাম ঠিক আছে! কিন্তু আমি (বিয়ের জন্য) পুরুষ কোথায় পাব?” সোহার মতে, এটি অত্যন্ত ‘বাজে একটি পরামর্শ’।

তবে ড. নীতা ওয়ার্টি বিষয়টি ব্যাখ্যা করে জানান, গর্ভাবস্থায় শরীরে প্রোজেস্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধি পায় এবং প্রায় ৯ মাস ইস্ট্রোজেন হরমোনের ক্ষরণ কম থাকে, যা এন্ডোমেট্রিয়াল লেশন বা টিস্যুগুলোকে শুকিয়ে যেতে সাহায্য করে। চিকিৎসকেরা মূলত এই বৈজ্ঞানিক কারণেই পুরোনো আমলের এই পরামর্শ দিয়ে থাকেন। চিকিৎসকদের মতে, এন্ডোমেট্রিওসিসের কারণে জরায়ু ও ডিম্বাশয়ের টিস্যুগুলো একসাথে লেগে চকোলেট সিস্ট তৈরি করতে পারে, যা পরবর্তীতে নারীদের সন্তান ধারণের ক্ষমতা বা ফার্টিলিটিতে নেতিবাচক প্রভাব ফেলে। শমিতা নারীদের এই রোগটি নিয়ে সচেতন হওয়ার এবং শরীরের যেকোনো ব্যথাকে অবহেলা না করার আহ্বান জানিয়েছেন।