Shakira আবারও ফুটবল বিশ্বকাপের মঞ্চে ফিরছেন নতুন গান নিয়ে। ২০১০ বিশ্বকাপের জনপ্রিয় অফিসিয়াল গান Waka Waka (This Time for Africa) দিয়ে বিশ্বজুড়ে আলোড়ন তোলা এই পপতারকা এবার ২০২৬ ফুটবল বিশ্বকাপ উপলক্ষে প্রকাশ করতে যাচ্ছেন নতুন গান Die Die।
সম্প্রতি ইনস্টাগ্রামে গানটির এক মিনিটের টিজার প্রকাশ করেন শাকিরা। সেখানে তিনি লেখেন, “মারাকানা স্টেডিয়াম থেকে হাজির হলো ‘ডাই ডাই’, ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল গান।”
এই গানে শাকিরার সঙ্গে রয়েছেন Burna Boy। টিজার ভিডিওতে তাদের দুজনকে ব্রাজিলের ঐতিহাসিক Maracanã Stadium-এ দেখা যায়। শাকিরার হাতে ছিল বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’। পাশাপাশি ভিডিওর কোরিওগ্রাফিতে ২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপের বলও ব্যবহার করা হয়েছে।
ভিডিওটিতে বিভিন্ন দেশের জাতীয় দলের জার্সির রঙে সাজানো নৃত্যশিল্পীদের উপস্থিতিও নজর কাড়ে। আফ্রিকান, লাতিন ও আরবান রিদমের মিশ্রণে তৈরি গানটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
গানের কোরাসে বারবার শোনা যায়, “ডাই, ডাই, উই গো, দালে, আলে, লেটস গো।” এখানে ‘দালে’ ও ‘আলে’ স্প্যানিশ ভাষায় উৎসাহব্যঞ্জক শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে।
ভিডিওটি FIFA-র অফিসিয়াল এক্স অ্যাকাউন্টেও শেয়ার করা হয়েছে। ভিডিওর শেষে লেখা ছিল, “We Are Ready!”
জানা গেছে, আগামী ১৪ মে আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে গানটি।
এর আগে ২০০৬ বিশ্বকাপের ফাইনালে Hips Don't Lie পরিবেশন করেছিলেন শাকিরা। এছাড়া ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের জন্য গেয়েছিলেন La La La (Brazil 2014)। সেই ধারাবাহিকতায় এবারও বিশ্বকাপের আবহে ফিরছেন তিনি।
উল্লেখ্য, ২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন। উদ্বোধনী ম্যাচে Mexico মুখোমুখি হবে South Africa-র। ম্যাচটি অনুষ্ঠিত হবে Azteca Stadium-এ।