ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শক-ভক্তদের আগ্রহ বরাবরই তুঙ্গে। প্রেম, বিয়ে ও সংসার নিয়ে নানা সময় আলোচনা হলেও নিজের প্রেমের গল্প নিয়ে খুব কমই কথা বলেছেন তিনি। এবার এক সাক্ষাৎকারে জীবনের এক অপূর্ণ ভালোবাসার স্মৃতি তুলে ধরলেন এই অভিনেতা।
চ্যানেল আইয়ের অনুষ্ঠান ‘চাঁদ তারার গুঞ্জরণ’এ অতিথি হয়ে শাকিব জানান, একসময় গুলশানের একটি ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়া এক তরুণীর প্রেমে পড়েছিলেন তিনি। দুজনের সম্পর্কটি শেষ পর্যন্ত পরিণতি না পেলেও সেই স্মৃতি এখনও তাকে স্পর্শ করে।
শাকিব বলেন, “আমার বাসার কাছাকাছি ছিল ওর বাড়ি। দেখতেও ভীষণ সুন্দর ছিল। আমি কিন্তু তার সঙ্গেই সেটেলড হতে চেয়েছিলাম।”
তিনি আরও বলেন, “আমি মনে মনে সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম। আমাকে মেয়েটি খুব ভালোবাসত। আমি সত্যিই তার সঙ্গেই সংসার করতে চেয়েছিলাম। মাঝে মাঝে একা বসে ভাবি আমি চাইলাম কাকে, ভালোবাসলাম কাকে, আর কোথায় গেলাম!”
অনুষ্ঠানে সহ-অতিথি পূর্ণিমা জানতে চান, সেই মানুষটিকে এখনও মিস করেন কি না এবং সম্পর্কটি নিয়ে তার কোনো আক্ষেপ আছে কি না। জবাবে শাকিব বলেন, “আমি এখনও তাকে মিস করি। মাঝেমাঝেই যখন একা থাকি তখন ভাবি যে, কেন এরকম হলো! সম্পর্কে যখন ভালোবাসাবাসি বেশি হয়ে যায়, তখন মনে হয় এরকম হয়ে যায়।”
পরে তাকে প্রশ্ন করা হয়, সেই তরুণী যদি আবার জীবনে ফিরে আসেন, তাহলে তাকে গ্রহণ করবেন কি না। উত্তরে শাকিব বলেন, “সে অনেক ভালো কিছু ডিজার্ভ করে। আমি চাই, সে অনেক ভালো থাকুক।”
তবে সাক্ষাৎকারে ওই তরুণীর পরিচয় বা সম্পর্কটি কেন ভেঙে গিয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেতা।
দীর্ঘদিন পর ব্যক্তিগত জীবনের এমন আবেগঘন স্মৃতিচারণ প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেক ভক্তই শাকিবের অকপট স্বীকারোক্তিকে ঘিরে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন।