ভারতের সবচেয়ে মূল্যবান সেলিব্রিটি ব্র্যান্ডের তালিকায় এবার শীর্ষস্থান দখল করেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। ক্রল সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট ২০২৫ অনুযায়ী, বর্তমানে তাঁর ব্র্যান্ড মূল্য ১৭ কোটি ৭৯ লাখ মার্কিন ডলার। এর মাধ্যমে ক্রিকেট তারকা বিরাট কোহলিকে পেছনে ফেলে তালিকার এক নম্বরে উঠে এসেছেন ‘কিং খান’।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে শাহরুখ খানের ব্র্যান্ড মূল্য ছিল ১৪ কোটি ৫৭ লাখ মার্কিন ডলার। এক বছরের ব্যবধানে তা প্রায় ২২ শতাংশ বেড়েছে। এর আগে ২০২৩ সালে তাঁর ব্র্যান্ড মূল্য ছিল ১২ কোটি ৭ লাখ মার্কিন ডলার। অর্থাৎ দুই বছরের ব্যবধানে শাহরুখের ব্র্যান্ড ভ্যালু বেড়েছে প্রায় ৪৭ শতাংশ। ২০২৪ সালে তালিকায় তৃতীয় অবস্থানে থাকা এই অভিনেতাই এক বছরের মধ্যে উঠে এসেছেন শীর্ষে।
ক্রল-এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের শীর্ষ ২৫ সেলিব্রিটির সম্মিলিত ব্র্যান্ড মূল্য বর্তমানে প্রায় ২০০ কোটি মার্কিন ডলার। এই তালিকায় শাহরুখের উত্থান তাঁর বিনোদনজগতের জনপ্রিয়তার পাশাপাশি বিজ্ঞাপন ও ব্যবসায়িক বাজারেও শক্ত অবস্থানকে তুলে ধরেছে।
গত এক বছরে বেশ কয়েকটি নতুন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছেন শাহরুখ খান। ক্যাস্ট্রল, জয় পার্সোনাল কেয়ার ও ক্যান্ডেরের মতো প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন তিনি। পাশাপাশি হুন্দাই, এলজি, মিন্ত্রা ও এয়ারবিএনবির মতো প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর দীর্ঘদিনের অংশীদারত্বও অব্যাহত রয়েছে। ফলে অটোমোবাইল, প্রযুক্তি, ফ্যাশন, ভ্রমণ ও লাইফস্টাইলসহ বিভিন্ন খাতে তাঁর ব্র্যান্ড উপস্থিতি আরও বিস্তৃত হয়েছে।
বিশ্লেষকদের মতে, অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন ও ব্র্যান্ড জগতেও শাহরুখের ধারাবাহিক সাফল্য তাঁর জনপ্রিয়তা এবং বাজারমূল্যের শক্ত অবস্থানেরই প্রমাণ। দীর্ঘ ক্যারিয়ারের পরও তাঁর ব্র্যান্ড ভ্যালু যেভাবে বাড়ছে, তা সেলিব্রিটি মার্কেটিংয়ে তাঁর প্রভাবকেই তুলে ধরছে।
এদিকে অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন শাহরুখ খান। বর্তমানে তিনি তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর শুটিং নিয়ে ব্যস্ত। সিনেমাটিতে প্রথমবারের মতো বড় পর্দায় বাবার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তাঁর মেয়ে সুহানা খানকে।