বলিউডের বাদশা শাহরুখ খান এর উদারতা ও আন্তরিকতার গল্প নতুন নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে পাকিস্তানি গায়ক অভিনেতা আলি জাফর জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুর দিকেই শাহরুখের কাছ থেকে তিনি পেয়েছিলেন অসাধারণ স্নেহ ও আতিথেয়তা।

আলি জাফর জানান, তার অভিনীত ‘তেরে বিন লাদেন’ সিনেমাটি দেখে শাহরুখ খান বেশ মুগ্ধ হন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও তার প্রশংসা করেন। পরে ২০১৪ সালে ‘কিল দিল’ ছবির শুটিংয়ের সময় দুজনের প্রথম সরাসরি দেখা হয়।

আলি বলেন, প্রথম সাক্ষাতেই শাহরুখ অত্যন্ত আন্তরিকভাবে কথা বলেন এবং তাকে ও তার বন্ধুদের নিজের বাড়িতে ডিনারের আমন্ত্রণ জানান। শুধু তাই নয়, তার সম্মানে বিশেষ ডিনার পার্টিরও আয়োজন করেন এই সুপারস্টার।

আলি জাফর আরও জানান, শাহরুখ তার একটি জনপ্রিয় গান সুন রে সাজনিয়া খুব পছন্দ করতেন। এমনকি দার্দ-এ-ডিস্কো গানটি আলিকে দিয়ে গাওয়ানোর ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি। তবে সময়ের অভাবে শেষ পর্যন্ত গানটি আলির কণ্ঠে হয়নি, পরে এতে কণ্ঠ দেন সুখবিন্দর সিং ও বিশাল দদলানি।

সাক্ষাৎকারে আলি জাফর কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন এর কথাও স্মরণ করেন। তিনি জানান, বিগ বিকে নিজের হাতে আঁকা একটি ছবি উপহার দিয়েছিলেন, যা অমিতাভ বচ্চন অত্যন্ত সানন্দে গ্রহণ করেছিলেন।

সব মিলিয়ে শাহরুখ খানের ব্যক্তিগত আন্তরিকতা ও বড় হৃদয়ের আচরণ আবারও মুগ্ধ করেছে সহশিল্পীদের।