প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বজুড়ে গভীর শ্রদ্ধায় পালিত হয় বাবা দিবস। এবারের বাবা দিবসে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের আবেগ, স্মৃতি আর ভালোবাসার গল্প ভাগ করে নিয়েছেন দেশের তারকারা।

বাবাকে নিয়ে একটি আবেগঘন পোস্ট করে অভিনেত্রী শবনম ফারিয়া তুলে ধরেছেন জীবনের নানা উত্থান পতনের কথা।

শবনম ফারিয়া লিখেছেন, “আর সবার মতো আমার জীবনেও অসংখ্য ধাক্কা, উত্থান পতন, না পাওয়া, ধোঁকা আর প্রতারিত হওয়ার গল্প আছে। কিন্তু আমার জীবনের সবচেয়ে সুন্দর গল্পটা হলো আমার বাবার গল্প, আমাকে আকাশে ডানা মেলতে দেওয়ার গল্প, আমার কোনো চাওয়া অপূর্ণ না রাখার গল্প।”

বাবার মৃত্যুর পর তৈরি হওয়া শূন্যতার কথা জানিয়ে তিনি লেখেন, “আমার দাদী সবসময় আমাকে ডাকেন ‘আমার ছেলের কলিজা’। কিন্তু দাদু হয়তো জানেন না, তার ছেলে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার নাতনির কলিজার একটা অংশও চলে গেছে। যতদিন বেঁচে থাকব, সেই শূন্যতাটা আর কখনো পূরণ হবে না। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা।”

ফারিয়া আরও লেখেন, “আল্লাহ মানুষের জীবন থেকে কিছু নিয়ে নিলে, কোনো না কোনোভাবে কিছু ফিরিয়েও দেন। গত বছর থেকে আমার জীবনে আরেকজন বাবা এসেছেন। দীর্ঘ ৮ বছর পর আমি আবার কাউকে আব্বু বলে ডাকতে পারি, আমার শ্বশুরকে। তানজিমকে পাওয়ার সবচেয়ে সুন্দর দিকগুলোর একটি হলো, আমি আরেকটা বাবা পেয়েছি। সব বাবাদের বাবা দিবসের শুভেচ্ছা!”

বাবাকে ঘিরে শবনম ফারিয়ার এই আবেগঘন স্মৃতিচারণ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। তার ভক্ত অনুরাগীরাও মন্তব্যে বাবার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং হারানোর বেদনার অনুভূতি ভাগ করে নিয়েছেন।