২০১৯ সালের ‘মিসেস ইন্ডিয়া’ খেতাবজয়ী সায়লী সুর্বে ভালোবেসে নিজের জীবনে বড় সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রিয় মানুষকে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করতে গিয়ে তিনি বদলে ফেলেছিলেন ধর্ম ও পরিচয়ও। তবে সেই ভালোবাসার গল্পই শেষ পর্যন্ত তার জীবনে দুঃসহ অভিজ্ঞতায় পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

সায়লীর দাবি, বিয়ের পর থেকেই তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু হয়। গালিগালাজ, অপমান এবং মারধর ধীরে ধীরে তার দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠে। চার সন্তানের কথা ভেবে দীর্ঘদিন নীরব থাকলেও শেষ পর্যন্ত আর পরিস্থিতি সহ্য করতে পারেননি তিনি।

সম্প্রতি নিজের বাড়িতে শুদ্ধিকরণ প্রক্রিয়ার মাধ্যমে আবারও সনাতন ধর্মে ফিরে গেছেন সায়লী। একই সঙ্গে তিনি নিজের পরিচয়ও পরিবর্তন করেছেন। এখন থেকে ‘আদ্যা’ নামেই নতুনভাবে জীবন শুরু করতে চান বলে জানিয়েছেন তিনি।

সায়লীর ভাষ্য, ভালোবেসে আতিফ-কে বিয়ে করা ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি। সে সময় তিনি যথেষ্ট পরিণত ছিলেন না বলেও স্বীকার করেছেন।

এ অভিজ্ঞতার কথা তুলে ধরে অন্য নারীদের প্রতিও একটি বার্তা দিয়েছেন সাবেক এই সৌন্দর্য প্রতিযোগিতা বিজয়ী। তার মতে, কোনো পরিস্থিতিতেই নির্যাতন মেনে নেওয়া উচিত নয়; অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।